দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ এখন আনুষ্ঠানিক আর্থিক কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত একটি ব্যাংক হিসাব, মোবাইল আর্থিক সেবা (MFS), ক্ষুদ্রঋণ, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট রয়েছে। তবে এখনো ৩৫ শতাংশ মানুষ এই ধরনের সেবার বাইরে রয়ে গেছেন। জরিপ অনুযায়ী, মোট জনসংখ্যার ২৮.৮ শতাংশের ব্যাংক হিসাব এবং ৪৪.৭ শতাংশের এমএফএস অ্যাকাউন্ট রয়েছে; অনেকের ক্ষেত্রে উভয় সুবিধাই বিদ্যমান।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান 'রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট' (র্যাপিড) ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চের মধ্যে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করে ‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ পরিচালনা করে। বুধবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ব্যাংক ও র্যাপিডের যৌথ আয়োজনে এই গবেষণার ফলাফল ও প্রয়োজনীয় সুপারিশসমূহ তুলে ধরা হয়। র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক জানান, স্থানীয় কোনো সংস্থার দ্বারা পরিচালিত এটিই প্রথম এই ধরনের জরিপ। এর আগে বিশ্বব্যাংকের ২০২৪ সালের ফিনডেক্স জরিপে আর্থিক অন্তর্ভুক্তির হার ছিল ৪৩ শতাংশ, যা ২০২১ সালে ছিল ৫৩ শতাংশ।

আঞ্চলিক হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে আর্থিক সেবার আওতায় থাকা মানুষের হার সবচেয়ে বেশি (৬৭.৭ শতাংশ)। অন্যদিকে সিলেট বিভাগ সবচেয়ে পেছনে অবস্থান করছে, যেখানে এই হার মাত্র ৫৪.৯ শতাংশ। এছাড়া চট্টগ্রামের হার ৬৭ শতাংশ, রংপুরের ৬৪.৯ শতাংশ, ময়মনসিংহের ৬৪.২ শতাংশ, বরিশালের ৬৪ শতাংশ, খুলনার ৬৩.৫ শতাংশ এবং রাজশাহীর ৬০.১ শতাংশ। লিঙ্গভেদে দেখা গেছে, ৬৯.৫ শতাংশ পুরুষ এবং ৬০.৯ শতাংশ নারী আর্থিক সেবার সুবিধা পাচ্ছেন।

ব্যবহারের ধরন বিশ্লেষণে দেখা গেছে, ব্যাংক হিসাবের প্রধান উদ্দেশ্য হলো সঞ্চয়। ব্যাংক গ্রাহকদের মধ্যে ৬২.৭ শতাংশ নারী এবং ৫৮.৪ শতাংশ পুরুষ সঞ্চয়ের জন্য হিসাব ব্যবহার করেন। অন্যদিকে, এমএফএস সেবার ব্যবহার মূলত টাকা লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ। ৯০.৩ শতাংশ নারী এবং ৮৩.১ শতাংশ পুরুষ টাকা গ্রহণের জন্য এমএফএস ব্যবহার করেন; টাকা পাঠানোর হার যথাক্রমে ৭৭ শতাংশ ও ৬১ শতাংশ। তবে ইউটিলিটি বিল পরিশোধ বা কেনাকাটার ক্ষেত্রে এমএফএস ব্যবহারের হার অত্যন্ত কম (৪ শতাংশের নিচে)। এছাড়া এমএফএস অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা মাত্র ২০.৫ শতাংশ, যদিও গ্রামীণ এলাকার ৩৭ শতাংশ ব্যবহারকারী এই মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা ভাতা গ্রহণ করেন।

সেবার মান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ব্যাংক ও ক্ষুদ্রঋণের সামগ্রিক মানে সন্তুষ্টি থাকলেও অভিযোগ নিষ্পত্তিতে ঘাটতি রয়ে গেছে। এমএফএস ব্যবহারকারীদের ৩১.৮ শতাংশ সেবার ফি নিয়ে অসন্তুষ্ট। বিমা খাতের ক্ষেত্রে দাবি নিষ্পত্তির সময়ে সন্তুষ্ট গ্রাহকের হার মাত্র ৪৪ শতাংশ এবং অভিযোগ ব্যবস্থাপনায় সন্তুষ্টির হার অত্যন্ত নিম্ন (১০.৬ শতাংশ)। এছাড়া গ্রাহকদের মধ্যে আর্থিক জ্ঞান সীমিত; ব্যাংক হিসাবধারীদের মাত্র ৩৩ শতাংশ সুদের হার সম্পর্কে জানেন, আর ক্ষুদ্রঋণ গ্রাহকদের মধ্যে এই হার মাত্র ১৫ শতাংশ। যারা বিমা সেবা ব্যবহার করেন না, তাঁদের ৫৬ শতাংশ পর্যাপ্ত অর্থের অভাবকে কারণ হিসেবে দেখিয়েছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান জানান, এই তথ্যগুলো নীতি নির্ধারণে সহায়তা করবে এবং নারী-পুরুষের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। বিকাশের সিইও কামাল কাদীর এজেন্ট ব্যাংকিংয়ের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন, কারণ ৪০ শতাংশ গ্রাহক ব্যাংকের শাখা ৫ কিলোমিটার দূরে বলে জানিয়েছেন। ব্র্যাক ব্যাংকের এমডি তারেক রেফাত উল্লাহ খান মনে করেন, কেবল হিসাব খুললে হবে না, ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে সবাইকে সব ধরণের লেনদেনে যুক্ত করতে হবে। র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক নারীর অংশগ্রহণ বাড়াতে বিশেষ পণ্য তৈরির কথা বলেন এবং উল্লেখ করেন যে, আর্থিক অন্তর্ভুক্তি না বাড়লে জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব হবে না।