ভারতের হিন্দি সিনেমার জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে এলো নতুন সদস্য। শনিবার এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। এর ফলে তিনজনের ছোট্ট পরিবারটি এখন চারজন। এনডিটিভি সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের কোনো হাসপাতালে এই জন্ম হয়েছে।

নবজাতকের আগমনের খবরটি নিজেরাই জানিয়েছেন এই তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় ছোট্ট পায়ের ছাপের একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তারা। এটি তাদের দ্বিতীয় সন্তান। এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যা সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং। ঠিক দুই বছর পর আবারও কন্যা সন্তানের মা হলেন দীপিকা।

জন্মের আগের দিন মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করতে গিয়েছিলেন দীপিকা। তাঁর সঙ্গে ছিলেন রণবীর এবং পরিবারের অন্যান্য সদস্যরা। কিছুদিন আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার ছবি প্রকাশ পেয়েছিল। এদিকে, গত ৮ সেপ্টেম্বর মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন উপলক্ষে রণবীরের ফটোশুটের কয়েকটি সাদাকালো ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন দীপিকা।

প্রেমের সূচনা ২০১৩ সালে ‘গোলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার শুটিং সেটে। কয়েক বছর সম্পর্কের পর ২০১৫ সালে গোপনে বাগদান সম্পন্ন করেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় রাজকীয় আয়োজনে বিয়ে করেন এই জুটি।

চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই এই সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এছাড়া আল্লু অর্জুনের ‘রাকা’ সিনেমাতেও তার উপস্থিতি থাকবে। অন্যদিকে, রণবীর ‘প্রলয়’ সিনেমার শুটিং শুরু করেছেন।