দক্ষিণী চলচ্চিত্র জগতের এক প্রভাবশালী নাম নয়নতারা, যাকে ভক্তরা ভালোবেসে 'লেডি সুপারস্টার' বলে ডাকেন। আজ ১৮ নভেম্বর এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে কর্ণাটকের বেঙ্গালুরুতে জন্ম নেওয়া তাঁর আসল নাম ডায়ানা মরিয়ম কুরিয়ান। বিমানবাহিনীতে কর্মরত বাবার চাকরির কারণে শৈশবে তাঁকে ভারতের বিভিন্ন শহরে ঘুরে বেড়াতে হয়েছে। পড়াশোনা শেষ করেছেন গুজরাটের জামনগর এবং দিল্লির স্কুলে, পরবর্তীতে কেরালার তিরুবল্লের একটি কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
২০০৩ সালে মালয়ালম সিনেমা 'মানাশিনাকারে'-র মাধ্যমে চলচ্চিত্রে তাঁর প্রবেশ। মজার ব্যাপার হলো, শুরুতে সিনেমার প্রতি তাঁর কোনো আগ্রহ ছিল না এবং তিনি প্রস্তাবটি প্রত্যাখান করেছিলেন। তবে নির্মাতা সাথিয়া আনথিকড়ের অনুরোধে মাত্র একটি সিনেমা করার শর্তে তিনি রাজি হন। কিন্তু সেই প্রথম ছবিটির ব্যাপক সাফল্য তাঁর জীবন বদলে দেয়। এরপর ২০০৪ সালে 'নাট্টুরাজাভু' ও 'বিশমায়াথুমবাথু' সিনেমার মাধ্যমে তাঁর যাত্রা আরও বেগবান হয়। ২০০৫ সাল থেকে তিনি তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল কমেডি-হরর সিনেমা 'চন্দ্রমুখী', যা প্রায় ৮০০ দিন প্রেক্ষাগৃহে চলেছিল। এছাড়া 'আইয়া' এবং এ আর মুরুগোদাসের 'গজনি' সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়টি ছিল নয়নতারার ক্যারিয়ারের স্বর্ণযুগ। গ্যাংস্টার ছবি 'বিল্লা'-র জন্য তিনি ফিল্মফেয়ার তামিল সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন। এছাড়া 'তুলাসী' ও 'ইয়ারাডি নে মোহিনি'র মতো সিনেমার জন্য তিনি সমালোচকদের প্রশংসা পান। ২০১০ সালে তাঁর পাঁচটি সিনেমা সুপারহিট হলে তিনি সাফল্যের শিখরে পৌঁছান। পরবর্তীতে 'শ্রী রামা রাজয়াম' সিনেমায় তাঁর অভিনয়কে ক্যারিয়ারের সেরা হিসেবে অভিহিত করা হয় এবং এর জন্য তিনি নান্দী পুরস্কার পান। ২০১৪ সালের পর থেকে তিনি নারীকেন্দ্রিক সিনেমার দিকে ঝুঁকে পড়েন। 'মায়া' এবং 'পুথিয়া নিয়ামাম' সিনেমার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে তিনি কেবল বাণিজ্যিক ছবি নয়, বরং সিরিয়াস চরিত্রেও দক্ষ।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারের পর ২০২৩ সালে তিনি বলিউডে পা রাখেন রাজকীয়ভাবে। শাহরুখ খানের বিপরীতে 'জওয়ান' সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা পান এবং সিনেমাটি বছরের অন্যতম ব্যবসাসফল প্রজেক্ট হয়। অভিনয়ের পাশাপাশি তিনি এখন প্রযোজক হিসেবেও কাজ করছেন। স্বামী ভিগ্নেশ শিবানের সঙ্গে যৌথভাবে 'রাওডি পিকচার্স' প্রতিষ্ঠা করেছেন তিনি, যেখান থেকে 'কোঝানগা' ও 'নেত্রিকান'-এর মতো সিনেমা মুক্তি পেয়েছে।
সাফল্যের পাশাপাশি নয়নতারার জীবন নানা বিতর্কেও ঘেরা। অভিনেতা সিলাম্বুরসান এবং পরবর্তীতে প্রভু দেবার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল সিনেমার জগতের সবচেয়ে আলোচিত বিষয়। জানা যায়, বিয়ের আগে ক্যারিয়ার ছাড়ার শর্ত দেওয়ার কারণে প্রভু দেবার সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। এছাড়া অভিনেতা ধানুশের সঙ্গে তাঁর আইনি লড়াই এবং সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানের মা হওয়া নিয়ে তামিলনাড়ু স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবে সব বিতর্কের মাঝে ২০২২ সালে পরিচালক ভিগ্নেশ শিবানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
বর্তমানে প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির মালিক নয়নতারা একটি সিনেমার জন্য ৭-৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সংকুচিত এবং খুব কম সাক্ষাৎকার দেন। দ্য হলিউড রিপোর্টারের একটি সাক্ষাৎকারে তিনি ইউটিউবারদের নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকে কেবল ভিউ পাওয়ার জন্য তাঁর নাম ব্যবহার করে মিথ্যা গল্প ছড়ায়। পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কাজ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আর্থিক সহায়তার মাধ্যমে সমাজসেবায় নিয়োজিত থেকেছেন।




