বিদেশে উচ্চশিক্ষার কথা চিন্তা করলে বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকের পছন্দের তালিকায় উঠে আসছে চীন। বিশেষ করে স্বল্প খরচ, ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ এবং বিভিন্ন বৃত্তির সম্ভাবনা এই দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে। তবে শুধুমাত্র খরচ কম বা বৃত্তির কথা শুনে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মান, পাঠ্যক্রমের ভাষা, পরিবারের আর্থিক সামর্থ্য, ভিসার জটিলতা এবং ডিগ্রি পরবর্তী কর্মজীবনের পরিকল্পনা—সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা প্রয়োজন।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় ১৯১টি দেশ ও অঞ্চল থেকে ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী সেখানে পড়াশোনা ও বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন, যাদের মধ্যে ২ লাখ ৫ হাজার জন বিভিন্ন ডিগ্রি অর্জনে নিয়োজিত। সবচেয়ে জনপ্রিয় বিষয় হিসেবে উঠে এসেছে 'প্রকৌশল', যেখানে শিক্ষার্থীদের হার ২৭.৮ শতাংশ। মূলত প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস, ইলেকট্রনিকস, নবায়নযোগ্য জ্বালানি এবং ব্যবসায়িক গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনের বিশ্ববিদ্যালয়গুলো একটি ভালো বিকল্প হতে পারে। তবে ভর্তির আগে পাঠ্যক্রম, গবেষণাগারের মান, শিক্ষকদের যোগ্যতা এবং ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি যাচাই করা জরুরি।
শহর নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যেমন—প্রযুক্তি ও গবেষণার জন্য বেইজিং (পেকিং ইউনিভার্সিটি, সিংহুয়া ইউনিভার্সিটি), ব্যবসা ও ফাইন্যান্সের জন্য সাংহাই (ফুদান ইউনিভার্সিটি, সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি), এবং এআই ও ডিজিটাল ব্যবসার জন্য হ্যাংজু (জেজিয়াং ইউনিভার্সিটি) আদর্শ। এছাড়া ইলেকট্রনিকসের জন্য নানজিং, বিজ্ঞান ও আধুনিক প্রকৌশলের জন্য উহান এবং আইটি খাতের জন্য চেংডু শহরের বিশ্ববিদ্যালয়গুলো জনপ্রিয়। উৎপাদনশিল্প ও আধুনিক প্রযুক্তির জন্য গুয়াংজু ও শেনজেন শহরগুলো অন্যতম পছন্দ।
আর্থিক হিসাবের কথা বললে, শহর ও বিষয়ভেদে খরচ ভিন্ন হয়। সাধারণ শহরগুলোতে জীবনযাত্রাসহ পড়াশোনার জন্য বছরে ৮ থেকে ১৩ লাখ টাকা লাগতে পারে, তবে বেইজিং বা সাংহাইয়ের মতো বড় শহরে এই ব্যয় বেড়ে সাড়ে ১৩ থেকে সাড়ে ২৪ লাখ টাকা পর্যন্ত হতে পারে। এর বাইরে বিমানভাড়া, ভিসা প্রসেসিং, নথি অনুবাদ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য আলাদা বাজেটের প্রয়োজন হয়। বৃত্তির ক্ষেত্রে চীনা সরকারি বৃত্তি (যেমন টাইপ-এ), বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বৃত্তি বা প্রাদেশিক বৃত্তির সুযোগ থাকে। তবে বৃত্তির শর্ত, মাসিক ভাতা এবং আবাসন সুবিধা সম্পর্কে আগে নিশ্চিত হওয়া প্রয়োজন।
ভর্তির জন্য সাধারণত 'এক্স-১' (X1) ভিসার প্রয়োজন হয়, যার জন্য বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তিপত্র এবং নির্দিষ্ট কনফার্মেশন ফরম (JW201 বা JW202) লাগে। আবেদনের জন্য বৈধ পাসপোর্ট, একাডেমিক সনদ, ভাষাগত যোগ্যতার প্রমাণ এবং স্টাডি প্ল্যান প্রস্তুত রাখতে হয়। কিছু ক্ষেত্রে সিএসসিএ (CSCA) পরীক্ষার ফলাফলও বাধ্যতামূলক হতে পারে।
সতর্ক থাকার জায়গাগুলো হলো—শুধুমাত্র ইংরেজি মাধ্যমে পড়লেও দৈনন্দিন জীবনের জন্য মান্দারিন ভাষা শেখা উপকারী। এছাড়া চীনে পড়াশোনা শেষ করলেই সেখানে চাকরির নিশ্চয়তা থাকে না। অনেক ক্ষেত্রে খণ্ডকালীন কাজের মাধ্যমে পুরো পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, 'শতভাগ বৃত্তি' বা 'নিশ্চিত ভিসা'র প্রলোভন দেখিয়ে প্রতারকদের থেকে দূরে থাকা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের উচিত নিজেদের যোগ্যতা, বাজেটের স্বচ্ছতা, বৃত্তির শর্ত এবং ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে সাতটি মৌলিক প্রশ্নের উত্তর খোঁজা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া।




