আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ শিরোনামের একটি নতুন বই অন্তর্ভুক্ত করা হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। শিক্ষার্থীদের কেবল পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দিতেই সরকারের এই সিদ্ধান্ত।

রাজধানীর মিরপুরে অবস্থিত আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তাঁর প্রেস টিমের মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা চলছে যেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ১০টি ইভেন্ট স্কুল পর্যায়ে কার্যকর করা যায়। এর ফলে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, সাঁতার এবং মার্শাল আর্টের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। তাঁর ভাষায়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিয়ে বছরব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে।

উক্ত অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন, আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলী আশরাফ লিটন এবং মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রতিমন্ত্রী আমিনুল হক মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি এলাকায় ওয়াসার পানির পাম্প এবং ১০ নম্বর সি-ব্লকসংলগ্ন পাম্প ও একটি মাইয়্যেতখানার উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন।