চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন মিফতাহুল জান্নাত (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী। বর্তমানে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
গত মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, মিফতাহুল চট্টগ্রাম সিটি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং সম্প্রতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে তিনি স্নাতক পর্যায়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। পড়াশোনার সুবিধার্থে তিনি আনোয়ারার উত্তর চাতরী এলাকায় তার নানাবাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার সকালে কলেজ থেকে প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র সংগ্রহের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। তবে বাড়ি থেকে বের হওয়ার মাত্র পাঁচ মিনিটের মাথায় রাজছিলা মাজার সংলগ্ন পিএবি সড়কে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিফতাহুল সড়কের এক পাশ পার হয়ে বিভাজক এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এরপর দক্ষিণ দিকে তাকিয়ে যখন তিনি পুনরায় সড়কে পা রাখেন, ঠিক সেই মুহূর্তে উত্তর দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিফতাহুল পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামের বাসিন্দা মৃত আনিসুজ্জামান ও রিজিয়া বেগমের কন্যা। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। পিতৃহীন এই তরুণীর বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালের আইসিইউর সামনে কান্নায় ভেঙে পড়া তার মা রিজিয়া বেগম মেয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। মিফতাহুলের মামা হারুনুর রশীদ জানান, তাদের পরিবারের সবাই এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত।
এদিকে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী জানান, এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর তিনি পেয়েছেন। এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




