ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার কোনো অনুরোধ করেননি। সম্প্রতি তাঁর একটি বক্তব্যের প্রেক্ষিতে এমন দাবি করেছে তাঁর দল। দলের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, চরমোনাই পীরের বক্তব্যের একটি নির্দিষ্ট অংশকে খণ্ডিতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, বিশেষ করে অগ্নিসংযোগ, ভাঙচুর, সহিংসতা এবং প্রাণহানির ঘটনার তীব্র সমালোচনা করেছেন চরমোনাই পীর। এসব ধ্বংসাত্মক আচরণের ফলে দেশ ও সাধারণ মানুষের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। একই সঙ্গে বর্তমানের অস্থিতিশীল পরিবেশ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেছেন তিনি। দলটির দাবি, তাঁর মূল বক্তব্য ও প্রেক্ষাপট বিকৃত করে এমন একটি ধারণা দেওয়া হচ্ছে যে, তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন বা তাদের স্বাভাবিক রাজনীতিতে ফেরার কথা বলেছেন, যা সম্পূর্ণ ভুল।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, চরমোনাই পীরের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশের স্বার্থ এবং জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া। কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর এমন আচরণ গ্রহণযোগ্য নয়, যা রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের ক্ষতি করে। এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার কথা বলেছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা তাঁর উদ্দেশ্য ছিল না; বরং লক্ষ্য ছিল জাতীয় স্বার্থ রক্ষা এবং সহিংসতা বন্ধ করা। এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমগুলোর দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়েছে দলটি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোলা শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, ভাঙচুর, মানুষ হত্যা এবং থানা পুড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডকে কীভাবে রাজনীতি বলা যায়? তিনি বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের এবং দেশের কল্যাণের জন্য, কিন্তু বর্তমান আচরণগুলো দেশ ধ্বংস করার প্রক্রিয়ার নামান্তর। এরপর তিনি বিএনপি ও আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে আলোচনার আহ্বান জানান। তাঁর মতে, দেশের প্রতি মায়া থাকা ঈমানের অংশ। তাই ব্যক্তিগত লোভ, ক্ষমতা বা দলের স্বার্থ ত্যাগ করে সবার একত্রে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।