প্রথাগত চার বছরের স্নাতক ডিগ্রির ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে তিন বছরের দ্রুততর ডিগ্রি চালুর উদ্যোগ নিয়েছেন ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট। ডিট্রয়েটে অনুষ্ঠিত 'ফরচুন ৫০০ ইনোভেশন ফোরাম'-এ ইউএস স্টিলের সিইও ডেভিড বুরিটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তাদের সামনে তিনি তার এই পরিকল্পনা তুলে ধরেন। গভর্নরের মতে, বর্তমান একাডেমিক সম্প্রদায় পরিবর্তনের বিষয়ে বেশ রক্ষণশীল এবং তারা পুরনো পদ্ধতিতেই আটকে আছে। ওকলাহোমা ইউনিভার্সিটি এবং ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির পাঠ্যক্রম বিশ্লেষণ করে তিনি জানান, অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিষয়াবলি যুক্ত থাকায় ডিগ্রি শেষ করতে দীর্ঘ সময় লাগে, যা সব শিক্ষার্থীর জন্য উপযোগী নয়।

প্রস্তাবিত এই নতুন মডেলে স্নাতক ডিগ্রির জন্য প্রয়োজনীয় ক্রেডিট সংখ্যা ১২০-এর বদলে ৯০-এ নামিয়ে আনা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রায় এক বছরের টিউশন ফি সাশ্রয় করতে পারবে। কলেজ বোর্ডের তথ্যমতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক চার বছরের কলেজগুলোতে গড় টিউশন ফি ছিল ১১,৯৫০ ডলার। গভর্নর স্টিটের লক্ষ্য হলো, পাঠ্যক্রমের মান বজায় রেখে কিছু ঐচ্ছিক বিষয় কমিয়ে শিক্ষার্থীদের দ্রুত কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা। RAND-এর এক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের স্বল্প-ক্রেডিট প্রোগ্রামের সংখ্যা ছিল মাত্র পাঁচটি, যা ২০২৬ সালের মে মাসের মধ্যে ১১৯-এ উন্নীত হয়েছে। বর্তমানে এই সংখ্যা প্রায় ১৫০-এর কাছাকাছি বলে জানা গেছে।

এই উদ্যোগ বাস্তবায়নে গভর্নর স্টিট গত ফেব্রুয়ারিতে একটি নির্বাহী আদেশে ৯০-ক্রেডিট ডিগ্রির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন এবং পরবর্তীতে আইনসভা এইচবি ৩৩১৫-এর মাধ্যমে স্টেট রিজেন্টদের এই বিষয়ে কাজ করার দায়িত্ব দেয়। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর রিজেন্টরা চারটি বিশেষ ডিগ্রিতে অনুমোদন দিয়েছেন। এর মধ্যে ওকলাহোমা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়ার্ক, ওকলাহোমা স্টেটের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিজনেস এবং রজার্স স্টেট ইউনিভার্সিটির ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত। এই প্রোগ্রামগুলোতে ৯০ থেকে ১০৩ ক্রেডিট আওয়ারের বিন্যাস রাখা হয়েছে।

ওকলাহোমার পাশাপাশি টেনেসি, টেক্সাস এবং নর্থ ক্যারোলিনায়ও এই ধরণের সংক্ষিপ্ত ডিগ্রি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই উদ্যোগ নিয়ে অর্থনীতিবিদ ও শিক্ষাবিদদের মধ্যে বিতর্ক রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল স্পেন্সের তত্ত্ব অনুযায়ী, ডিগ্রির মূল্য কেবল অর্জিত জ্ঞানের ওপর নয়, বরং নিয়োগকর্তাদের কাছে এটি সক্ষমতার একটি সংকেত হিসেবে কাজ করে। এখন প্রশ্ন উঠেছে, তিন বছরের ডিগ্রি একই সংকেত প্রদান করবে কি না। ইউরোপের দেশগুলোতে ১৯৯৯ সালের বোলোনিয়া সংস্কারের পর থেকে তিন বছরের স্নাতক ডিগ্রি প্রচলিত। RAND-এর মতে, বিজনেস, আইটি এবং সাইবার সিকিউরিটির মতো পেশায় এই মডেল কার্যকর হলেও ক্লিনিক্যাল বা লাইসেন্সিং প্রয়োজনীয় পেশায় এটি কঠিন হতে পারে।

অন্যদিকে, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রফেসর এবং আমেরিকান ফেডারেশন অফ টিচার্স এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। তাদের দাবি, এটি উদ্ভাবন নয় বরং শিক্ষার মান কমিয়ে 'শর্টকাট' খোঁজা। এছাড়া, শিক্ষার্থীদের টিউশন ফি কমলে বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব আয় হ্রাস পাওয়ার আশঙ্কাও রয়েছে। শিক্ষার পাশাপাশি গভর্নর স্টিট সুইজারল্যান্ড ও জার্মানির উদাহরণ দিয়ে শিক্ষানবিশ বা অ্যাপারেন্টিসশিপ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, উচ্চ বিদ্যালয়ের পর সরাসরি কোম্পানিগুলোতে কাজ শেখার সুযোগ তৈরি করলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান শ্রমবাজারের চাহিদা আরও ভালোভাবে পূরণ করা সম্ভব হবে।