চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউপির পূর্ব টিকরা গ্রামে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রিয়্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার ভোরবেলায় ওই এলাকার একটি আমবাগানে এই অভিযান চালানো হয়।
রাজশাহীর এসআরবি-৫ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের একটি দল এবং এসআরবি-৫ এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের যৌথ প্রচেষ্টায় এই অভিযান পরিচালিত হয়। তল্লাশির সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ৯২টি হাতবোমা এবং ১১.৮ কেজি গান পাউডার পাওয়া যায়। এ ছাড়া উদ্ধার করা হয়েছে দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম এই উদ্ধার অভিযান সম্পর্কে উল্লেখ করেন যে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ গান পাউডার উদ্ধার করা হলো এই অভিযানে। তাঁর ধারণা, দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা করে এই বিস্ফোরক ও সরঞ্জামগুলো এখানে মজুদ করে রাখা হয়েছিল।




