কে-পপ তারকা হিসেবে জীবনযাপনের অনেক ত্যাগ স্বীকার করেছেন ব্ল্যাকপিংকের লিসা। নিজের নতুন প্রামাণ্যচিত্র 'অলওয়েজ লালিসা'-তে তিনি খোলাসা করেছেন সেসব অভিজ্ঞতা। কানাডার সংবাদমাধ্যম টরন্টো স্টার বৃহস্পতিবার তাঁর কথাগুলো তুলে ধরেছে। প্রামাণ্যচিত্রটিতে লিসা জানান, ক্যারিয়ার শুরুর সময় নিজের মতামত প্রকাশ করাটাও ছিল তাঁর জন্য কঠিন। ২০১১ সালে মাত্র ১৪ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তিনি, ওয়াইজি এন্টারটেইনমেন্টে প্রশিক্ষণ শুরু করেন। সেই সময়কার স্মৃতিচারণ করে তিনি বলেন, 'মুখ খোলা বা নিজের ভাবনা প্রকাশ করার সাহসই পেতাম না।' প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে নিজের পারফরম্যান্সের ভিডিও তৈরি করে কর্মকর্তাদের কাছে জমা দিতে হতো তাঁকে। সেই ভিডিওগুলোর প্রতিক্রিয়া নিয়ে কথা বলতে গিয়ে প্রামাণ্যচিত্রে কেঁদে ফেলতেও দেখা যায় তাঁকে। ব্যক্তিজীবনে কে-পপ তারকাদের ওপর নানা বিধিনিষেধের কথাও বলেন লিসা। বিশেষ করে প্রেমের সম্পর্ক নিয়ে তাঁর অভিজ্ঞতা ছিল কঠিন। তাঁর ভাষ্যমতে, 'কে-পপ সংস্কৃতিতে আমরা প্রেম করতে পারি না।' অল্প বয়সে কয়েকবার প্রেমে পড়লেও প্রতিবারই সম্পর্ক গোপন রাখতে হয়েছে। কারণ, প্রেমের সম্পর্ক যেন ব্ল্যাকপিংকের জনপ্রিয়তায় কোনো প্রভাব না ফেলে, সেই ভয়ই ছিল প্রধান। লিসার প্রেম ও প্রেমিকের পরিচয় নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছিল। গত বছর প্রকাশিত তাঁর প্রথম একক স্টুডিও অ্যালবাম 'অল্টার ইগো'তেও উঠে এসেছে ব্যক্তিগত জীবনের গল্প। 'ড্রিম' গানটি সৃষ্টি হয়েছে অতীতের একটি গোপন সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে। গানটি প্রকাশের আগে সাবেক প্রেমিকের অনুমতি নিয়েছিলেন লিসা, তবে শর্ত ছিল—তার পরিচয় যেন ভক্তদের কাছে প্রকাশ না হয়। এদিকে ২০২৩ সাল থেকে ফরাসি বিলাসপণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচের উত্তরসূরি ফ্রেদেরিক আর্নল্টের সঙ্গে লিসার প্রেমের গুঞ্জন ছিল। সম্প্রতি তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছে। এরপর থাই অভিনেতা ব্লু পংতিওয়াতের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে লিসার।