দেশের ব্যাংকিং খাতের বর্তমান অস্থিরতা ও খেলাপি ঋণের উচ্চ হার মোকাবিলায় ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও শীর্ষ নির্বাহীরা। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত ‘ফিনএক্স কানেক্ট: ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে এই মত প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই সংলাপে ডিজিটাল রূপান্তর, সুশাসন এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা চলে।
সংলাপের এক অধিবেশনে বক্তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার করলে দেশের অনেক ব্যাংকই টিকে থাকার সক্ষমতা রাখে না। ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন স্পষ্টভাবে জানান, বাংলাদেশের মতো ছোট একটি দেশের জন্য ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। তিনি উদাহরণ হিসেবে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ফিলিপাইনের কথা উল্লেখ করেন, যারা ইতিপূর্বে ব্যাংকের সংখ্যা কমিয়ে এনেছে। তার মতে, এই খাতের দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে হয়তো দুই থেকে তিন প্রজন্ম সময় লেগে যেতে পারে, তবে সমাজিক প্রভাবের ভয়ে এই বোঝা বয়ে বেড়ানোর কোনো মানে হয় না।
ব্যাংক খাতের এই করুণ পরিস্থিতির জন্য পরিচালনা পর্ষদগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন। তিনি জানান, পর্ষদগুলোর ব্যর্থতা এবং সঠিক প্রশ্ন না করার অভ্যাসের কারণে আজ এই পরিস্থিতি। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফলে প্রতি তিন টাকার ঋণের বিপরীতে এক টাকাও ফেরত আসেনি। অন্যদিকে, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান মনে করেন, অডিট প্রতিষ্ঠানগুলো এখানে এককভাবে দায়ী নয়। তিনি বলেন, অনেক ব্যাংক নিজেই লেনদেনের তথ্য মুছে ফেলেছে, যা প্রমাণ করে ব্যাংকের অভ্যন্তরীণ মৌলিক ভিত্তিগুলো কাজ করেনি।
আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত অন্য একটি অধিবেশনে ডিজিটাল সেবার প্রসারে সাইবার নিরাপত্তা ও গ্রাহক সুরক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়। মাস্টারকার্ড বাংলাদেশ, বিকাশ, ইউনিলিভার বাংলাদেশ এবং সিটি ব্যাংকের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। তারা মনে করেন, আন্তলেনদেনব্যবস্থা বা ইন্টারঅপারেবিলিটি বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে এবং গ্রাহকের লেনদেনের ইতিহাস যাচাই করে ঋণ দেওয়ার সুযোগ বাড়াতে হবে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কর আদায়ের পদ্ধতি নিয়ে বিদ্যমান অনিশ্চয়তার বিষয়টিও বক্তারা উত্থাপন করেন।
গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক দুটি পৃথক অধিবেশন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব উপস্থিত ছিলেন।




