সম্প্রতি সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবরে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন বলে দাবি করা হয়। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব উল্লেখ করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোর সঙ্গে আলাপকালে প্রভা বলেন, তিনি হঠাৎ করেই তাঁর বিয়ের খবর শুনেছেন এবং এ নিয়ে কী বলবেন তা বুঝে উঠতে পারছেন না। তিনি স্পষ্ট জানান, তিনি বিয়ে করেননি এবং চুক্তিভিত্তিক বিয়ে বা এরকম কোনো সম্পর্কে কখনো জড়িত ছিলেন না। তাঁর সম্পর্কে ছড়ানো সব তথ্য তিনি ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, তাঁর বিয়ের খবর প্রকাশ করা হলেও এ ব্যাপারে কোনো সংবাদমাধ্যম বা ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। অনেকেই নিজেদের ইচ্ছামতো নানা তথ্য প্রকাশ করছেন বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, লেখার শক্তি যে কারও ভাবমূর্তি গঠন বা ধ্বংস করতে পারে, সেই শক্তির সঙ্গে দায়িত্বও থাকে। তাই কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো খবর প্রকাশের আগে তথ্য যাচাইয়ের তাগিদ দেন তিনি। সরাসরি তাঁর সঙ্গে কথা বললে সত্যটি জানা যেত বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভক্তদের উদ্দেশে প্রভা অনুরোধ জানান, যেন তাঁরা কোনো ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান না দেন এবং বিভ্রান্ত না হন। তাঁর ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক তথ্য সব সময় তাঁর নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে বলেও আশ্বস্ত করেন তিনি। নিজের প্রতি ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রভা পরে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির কিছু কাজ এখনো বাকি রয়েছে এবং শিগগিরই তিনি আবার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন।