ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দর শেবাগের উপস্থাপনায় আবারও ফিরছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে এর দ্বিতীয় মৌসুমের যাত্রা শুরু হবে। পাশাপাশি এমএক্স প্লেয়ার অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে দর্শকরা বিনামূল্যে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। প্রতিদিন এই শো-এর নতুন নতুন পর্ব প্রকাশিত হবে।

যুক্তরাজ্যের স্টুডিও ল্যামবার্টের তৈরি জনপ্রিয় ফরম্যাট অনুসরণ করে বানিজয় এশিয়া এই অনুষ্ঠানটি নির্মাণ করেছে। এবারের মৌসুমে মোট ১৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং পুরো প্রতিযোগিতাটি চলবে ৪২ দিন ধরে। প্রতিযোগীদের মধ্যে প্রথম চারজনের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে; তাঁরা হলেন—বিজেপির প্রাক্তন মুখপাত্র ও রাজনীতিক শেহজাদ পুনাওয়ালা, অভিনেত্রী প্রিয়াঙ্কা চাহার চৌধুরী, অভিনেত্রী স্বরা ভাস্কর এবং টেলিভিশন অভিনেতা করণ প্যাটেল। বাকি ১১ জন প্রতিযোগীর পরিচয় পর্যায়ক্রমে সামনে আনা হবে।

এই রিয়েলিটি শো-এর মূল আকর্ষণ হলো প্রতিযোগীদের ক্ষমতার অবস্থানের পরিবর্তন। এখানে কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট নেই, বরং প্রতিযোগীদের নিজস্ব সিদ্ধান্ত ও কৌশলের ওপর ভিত্তি করে তাঁদের অবস্থান নির্ধারিত হবে। কেউ হবেন ‘রুলার’ বা শাসক, আবার কেউ হয়ে যাবেন ‘ওয়ার্কার’ বা কর্মী। রুলার থেকে ওয়ার্কার হওয়া অথবা ওয়ার্কার থেকে ক্ষমতার শীর্ষে ওঠা—এই ওঠানামাই হবে প্রতিযোগিতার প্রধান চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রিয়াঙ্কা চাহার চৌধুরী জানান, বিভিন্ন রিয়েলিটি শো-তে অংশ নিলেও ক্ষমতার এই গাণিতিক পরিবর্তন তাঁর কাছে অত্যন্ত রোমাঞ্চকর এবং এটি অনুষ্ঠানে একটি নতুন মাত্রা যোগ করেছে। তিনি নিজের স্বভাব ও সিদ্ধান্তের ওপর আস্থা রেখে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চান। অন্যদিকে, স্বরা ভাস্কর মনে করেন, তাঁর স্পষ্ট কথা বলার অভ্যাস এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের সাথে ক্ষমতার লড়াই এই শো-তে নতুন সমীকরণ তৈরি করবে।

দীর্ঘদিন টেলিভিশনের বিভিন্ন চরিত্রে অভিনয় করা করণ প্যাটেল এবার কোনো কাল্পনিক চরিত্র নয়, বরং নিজের আসল পরিচয় নিয়ে হাজির হচ্ছেন। তিনি মনে করেন, প্রতিটি পদক্ষেপের দায়িত্ব নেওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে অটল থাকাই হবে তাঁর জন্য বড় চ্যালেঞ্জ। আর রাজনীতিক শেহজাদ পুনাওয়ালা অনুষ্ঠানের নামের সাথে নিজের জীবনের উত্থান-পতনের মিল খুঁজে পেয়েছেন। অপরিচিত মানুষদের সাথে জোট বাঁধা কিংবা একে অপরের বিপরীতে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাঁকে আকর্ষণ করেছে। তবে মজার ছলে তিনি উল্লেখ করেন, ছয় সপ্তাহ বাড়ি ভাড়া না দিয়ে এই প্রতিযোগিতায় থাকতে পারাটাও তাঁর জন্য একটি সুখকর দিক। পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, অনুষ্ঠানে ভারতের ইতিহাস নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য তিনি মেনে নেবেন না।