স্টার জলসায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস বাংলা ৩’ এখন তার চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। শুরুর দিকে ১০ জন ইনফ্লুয়েন্সার ও টিভি তারকা এই প্রতিযোগিতায় অংশ নিলেও সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দীর্ঘ প্রায় তিন মাসের এই যাত্রায় অনেকেই বিদায় নিয়েছেন। আবার নিয়ম অনুযায়ী ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবেও কয়েকজন প্রতিযোগীর প্রবেশ ঘটেছে এই লড়াইয়ে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময় অনলাইন’ এই শো-এর তারকাদের পারিশ্রমিকের একটি তালিকা প্রকাশ করেছে।

প্রতিযোগিতায় টিকে থাকার সময়ের ওপর ভিত্তি করে এই পারিশ্রমিক নির্ধারিত হয়। অর্থাৎ, যে প্রতিযোগী যত বেশি সপ্তাহ বিগবসের ঘরে অবস্থান করবেন, তার পারিশ্রমিক তত বাড়বে। তবে চুক্তির শর্ত অনুযায়ী এই অর্থের অংকে তারতম্য দেখা যায়। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মনামী ঘোষ, যার সাপ্তাহিক আয় ৩ থেকে ৫ লাখ রুপি। অন্যদিকে, বয়োজ্যেষ্ঠ প্রতিযোগী ভরত কল ২ থেকে সাড়ে ৩ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন। দীপেন্দু বিশ্বাস, সৃজলা গুহ এবং দুর্নিবার সাহার সাপ্তাহিক আয় দেড় থেকে দুই লাখ রুপির মধ্যে।

তালিকায় ১ থেকে পৌনে ২ লাখ রুপি সম্ভাব্য পারিশ্রমিক পাচ্ছেন তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা এবং সোহিনী পাল। এছাড়া ১ থেকে ২ লাখ রুপির ঘরে রয়েছেন নিরঞ্জন মণ্ডল, নন্দিনী দত্ত ও জিতু কমল। তুলনামূলক কম পারিশ্রমিক পেয়েছেন রাজবীর দে, অনুষ্কা মিত্র, বিদেশি অভিনেত্রী আরেকজান্দ্রা টেলর এবং ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী; তাদের আয় ছিল ৮০ হাজার থেকে দেড় লাখ রুপির মধ্যে। আর শুরুর দিকেই প্রতিযোগিতা থেকে বাদ পড়া ঝিলম গুপ্ত ও জয়িতা চট্টোপাধ্যায়ের পারিশ্রমিক ছিল ৭০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার রুপির কাছাকাছি।

বর্তমানে বিগবসের ঘরে ক্যাপ্টেন্সি টাস্ক এবং দর্শকদের দেওয়া বিভিন্ন চ্যালেঞ্জিং খেলার মাধ্যমে উত্তেজনা তুঙ্গে। সময়ের সাথে সাথে খেলার নিয়মগুলো আরও কঠিন করা হয়েছে, যা চূড়ান্ত পর্বের আগে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হবে বলে জানানো হয়েছে। বর্তমানে নমিনেশন থেকে বাঁচার লড়াই চলছে, যেখানে দর্শকদের ভোটই ঠিক করবে কারা ফাইনালের মঞ্চে পৌঁছাবেন। আগামী ডিসেম্বরের ৬ তারিখ জিওহটস্টার এবং স্টার জলসায় এই রিয়েলিটি শো-টির গ্র্যান্ড ফিনালে প্রদর্শিত হবে।