ভারতের ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে শুক্রবার কলকাতায় ব্যাপক বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি পৃথকভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। বিক্ষোভকারীদের দাবি, জ্ঞানেশ কুমারকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া, পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া চলাকালে দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রধান নির্বাচন কর্মকর্তা এবং বর্তমান মুখ্য সচিব মনোজ আগরওয়ালের অপসারণ ও গ্রেপ্তারের দাবিও তোলা হয়।

কলকাতার কলেজ স্ট্রিটে প্রদেশ কংগ্রেসের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাঁকে পদ থেকে সরিয়ে ফৌজদারি আইনের আওতায় বিচার করার পাশাপাশি তালিকা থেকে বাদ পড়া সব ভোটারের নাম পুনরায় যুক্ত করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, ধর্মতলা এলাকায় প্রতিবাদ মিছিল বের করে বামপন্থী সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। মিছিলে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বর্তমান এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ বাতিলের দাবি জানান। তাঁর মতে, আগের ভোটার তালিকা বহাল রেখেই নির্বাচন পরিচালনা করা উচিত এবং প্রকৃত ভোটারদের ভোটাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়া প্রয়োজন।

এই আন্দোলনের সাথে যোগ দিয়েছে ককরোচ জনতা পার্টিও। তারা পৃথকভাবে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে মুম্বাই থেকে ধারাবাহিক আন্দোলন শুরু হবে। জানা গেছে, কেবল কলকাতা নয়, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যেও প্রধান নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।