ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও ‘নগর বাউল’খ্যাত জেমসের লাইভ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্টের এই জমকালো আয়োজনে ইতালির বিভিন্ন শহর থেকে বহু প্রবাসী বাংলাদেশি ভেনিসে উপস্থিত হন। প্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পেতে সকাল থেকেই প্রবাসীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। অনেকে পরিবার ও বন্ধুদের নিয়ে দূর-দূরান্ত থেকে কনসার্টে যোগ দেন।
মঞ্চে জেমস উঠতেই দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। জেমসের কণ্ঠে প্রিয় গান শুনে দর্শকরা আনন্দে নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কনসার্টস্থলে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, ইতালীয় দর্শকদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশি সংস্কৃতি ও সংগীতের প্রতি ইতালীয়দের আগ্রহ এই আয়োজনের মাধ্যমে প্রকাশ পায়। দীর্ঘদিন পর প্রিয় শিল্পীকে সরাসরি দেখার সুযোগ পাওয়ায় দর্শকরা আবেগে আপ্লুত ছিলেন বলে জানান তারা।
প্রবাসের মাটিতে এমন আয়োজন বাংলাদেশি সংস্কৃতি ও সংগীতকে আরও পরিচিত করে তুলবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। জেমসের পরিবেশনা, দর্শকদের উচ্ছ্বাস আর বিপুল মানুষের উপস্থিতিতে কনসার্টটি পরিণত হয় এক মিলনমেলায়।




