একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় এবং প্রেমের সম্পর্কের পরিণতি হতে চলেছিল এক অসম বিয়ে, কিন্তু শেষ মুহূর্তে বয়সের বিশাল পার্থক্যের কারণে তা ভেস্তে গেল। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ৩১ বছর বয়সী নিতিন, যিনি পেশায় একজন শিক্ষক। হরিয়ানার পানিপথের বাসিন্দা নিতিন গত দুই বছর ধরে রাজস্থানের নিমরানায় একটি বেসরকারি বিদ্যালয়ে কর্মরত আছেন।

প্রায় এক বছর আগে একটি জনপ্রিয় ডেটিং অ্যাপের মাধ্যমে কানাডার এক নারীর সাথে নিতিনের পরিচয় হয়। দীর্ঘ আলাপচারিতা এবং ঘনিষ্ঠতার পর তারা জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নেন। এই লক্ষ্যেই গত ১১ নভেম্বর পর্যটক ভিসায় কানাডা থেকে দিল্লি পৌঁছান ওই নারী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান খোদ নিতিন এবং সেখান থেকে তাঁকে নিয়ে যান নিমরানায় অবস্থিত তাঁর মামাবাড়িতে, যেখানে তিনি বসবাস করেন।

দুদিন একসঙ্গে কাটানোর পর যখন বিয়ের আনুষ্ঠানিক আলোচনা এগিয়ে চলে, তখনই একটি বড় ধাক্কা পান নিতিন। তিনি জানতে পারেন, তাঁর প্রেমিকার বয়স তাঁর চেয়ে ৩০ বছর বেশি, অর্থাৎ ওই নারীর বয়স ৬১ বছর। এই তথ্য জানার পর নিতিন বিয়েতে অসম্মতি জানান এবং সাফ জানিয়ে দেন যে, এত বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও তিনি এই বিয়েতে রাজি নন। এই বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়।

প্রত্যাখ্যাত হয়ে দিশেহারা ওই নারী দিল্লির কানাডীয় হাইকমিশনে যোগাযোগ করেন। এরপর ১৩ নভেম্বর হাইকমিশনের অনুরোধে নিমরানা থানা পুলিশ সক্রিয় হয় এবং বিকেল ৪টার দিকে উভয় পক্ষকেই থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদের পর শান্তিভঙ্গের দায়ে নিতিনকে গ্রেপ্তার করা হয়, যদিও পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। অন্যদিকে, কানাডীয় নাগরিক ওই নারীকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

বর্তমানে রাজস্থান পুলিশ, দিল্লি পুলিশ এবং কানাডার হাইকমিশন যৌথভাবে চেষ্টা করছে যাতে ওই নারীকে দ্রুত তাঁর দেশে ফেরত পাঠানো যায়। রাজস্থান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী নিতিনের বিরুদ্ধে কোনো যৌন নির্যাতন বা এই জাতীয় গুরুতর অভিযোগ দায়ের করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, প্রেমের সম্পর্কের মাঝে এত বড় বয়সের পার্থক্য কি গোপন রাখা হয়েছিল এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে তা বুঝতে কেন দুই দিন সময় লাগল।