বড় কোনো তারকা বা আকাশচুম্বী প্রচার ছাড়াই বক্স অফিসে নজির গড়ল স্বল্পবাজেটের চলচ্চিত্র ‘হনুমান অংশ’। ভারতের প্রখ্যাত আধ্যাত্মিক গুরু নীম করোলির জীবনদর্শন ও আদর্শের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবির বাজেট ছিল মাত্র ২ কোটি রুপি, তবে মুক্তির ২৫ দিন পর এর মোট আয় পৌঁছে গেছে প্রায় ৫০ কোটি রুপির কাছাকাছি।
গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর শুরুর দিকে ছবিটির ব্যবসায়িক গতি ছিল অত্যন্ত মন্থর। মুক্তির প্রথম দিনে এর আয় ছিল মাত্র ১০ লাখ রুপি এবং প্রথম সপ্তাহ শেষে মোট সংগ্রহের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৮ লাখ রুপিতে। দ্বিতীয় সপ্তাহে এসে আয় আরও হ্রাস পেয়ে ৪০ লাখ রুপিতে নেমে আসে, যা দেখে অনেকে মনে করেছিলেন ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হবে। তবে তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয় এক অভাবনীয় মোড়। ওই সপ্তাহে ছবিটি ১০ কোটি ৪০ লাখ রুপি আয় করে সবাইকে চমকে দেয়। চতুর্থ সপ্তাহের রোবারেও দর্শক টানতে সক্ষম হয় সিনেমাটি, যার আয় ছিল ১২ কোটি ৭৫ লাখ রুপি। এমনকি মুক্তির ২৫তম দিনে অর্থাৎ গত সোমবারও ছবিটির আয় হয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি।
আর্থিক হিসাব অনুযায়ী, ছবিটির গ্রস আয় প্রায় ৫৩ কোটি ৪৩ লাখ রুপি এবং নিট আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ২৮ লাখ রুপির কাছাকাছি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, মোট আয় ইতিমধ্যে ৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। বিশাল চতুর্বেদীর পরিচালনায় এই সিনেমায় নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে চন্দন কে আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, উদয় সিং রাজপুত এবং অনিল রাস্তোগির মতো অভিনেতাদের।
এই অভাবনীয় সাফল্যের পেছনে কোনো দামী মার্কেটিং ক্যাম্পেইন ছিল না। বরং নির্মাতারা ভিন্ন কৌশল অবলম্বন করেন। বিভিন্ন স্থানে ভাণ্ডারার আয়োজন করে সাধারণ মানুষের কাছে নীম করোলি বাবার দর্শন ও জীবন কাহিনী পৌঁছে দেওয়া হয়। এই সামাজিক প্রচার এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া প্রশংসাই শেষ পর্যন্ত দর্শকদের সিনেমা হলে টেনে আনে। শুরুর দিকের নিস্পৃহতা কাটিয়ে বর্তমানে বলিউডের আলোচনা ও আগ্রহের কেন্দ্রে চলে এসেছে ‘হনুমান অংশ’।

