বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শনিবার 'প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য করণীয় ও বর্জনীয়' শিরোনামে একটি নির্দেশিকা প্রকাশ করে দূতাবাস এই সতর্কবার্তা জারি করেছে। এতে স্থানীয় আইন, সাইবার বিধিমালা, ধর্মীয় মূল্যবোধ এবং কর্মস্থলের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, পরিবার ও বন্ধুদের সাথে ইতিবাচক যোগাযোগ স্থাপনের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেও তা হতে হবে দায়িত্বশীল। বিশেষ করে কর্মস্থল সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করার আগে অবশ্যই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়মাবলি যাচাই করে নিতে হবে। এছাড়া সাইবার অপরাধ এবং ফিশিং থেকে বাঁচতে অপরিচিত ব্যক্তির পাঠানো বার্তা বা অজানা লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো তথ্য ইন্টারনেটে প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করা জরুরি বলে দূতাবাস মনে করে।
জাতীয় ও আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে দূতাবাস। ইসরায়েল-ফিলিস্তিন কিংবা ইরান-ইসরায়েলের মতো সংঘাতপূর্ণ বিষয়ে কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট দিতে নিষেধ করা হয়েছে, যা স্থানীয় আইনের পরিপন্থী হতে পারে। একইসঙ্গে সন্ত্রাসবাদ, উগ্রবাদ কিংবা নিষিদ্ধ কোনো সংগঠনের হয়ে পোস্ট দেওয়া, লাইক দেওয়া বা মন্তব্য করা থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাহরাইনের নিষিদ্ধ রাজনৈতিক প্রচারণা বা যথাযথ যাচাই ছাড়া অনলাইন তহবিলে অর্থ অনুদান দেওয়া থেকেও প্রবাসীদের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর, সমুদ্রবন্দর, সরকারি স্থাপনা এবং স্পর্শকাতর এলাকার ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে পাসপোর্ট, ভিসা, এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো সংবেদনশীল নথি অনলাইনে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে।
পাশাপাশি, জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে এমন কোনো বিতর্কিত আলোচনা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিশেষ করে অবৈধ ভিসা, ভুয়া চাকরির প্রলোভন এবং ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ডিজিটাল প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সহিংসতাকে সমর্থন করে অনলাইনে কোনো মন্তব্য বা পোস্ট করতে নিষেধ করেছে মানামা দূতাবাস।




