অস্ট্রেলিয়ায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। গত রোববার সিডনির রুটি হিল স্কুল অব আর্টস হলে আয়োজিত সংগঠনের বার্ষিক সাধারণ সভার মাধ্যমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। মোট ১৩ সদস্যের এই কমিটি ২০২৬ থেকে ২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহরিয়ার হিমেল, আবরার ফয়সাল, জান্নাতুল ফিরদাউস (সুমাইয়া), সাদ্দাম হোসাইন, মো. হাসান শাহ্ রিপন, কে এম জাকির হাসান (তিতাস), জেরীন আফরীন, এস কে হোসেন আহমেদ (টিটু), উজ্জ্বল প্রধান, মোহাম্মদ শফিকুল হায়দার চৌধুরী (সুমন), সানদিদ বিন একলিম (মৌসুম), রাশিদুল মোবাশ্বর (মিকন) এবং তাহমিনা রহমান বীনা।
দায়িত্ব গ্রহণের পর কমিটির সদস্যরা তাদের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য ব্যক্ত করেন। তারা জানান, অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাবির প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি এবং যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে তারা কাজ করবেন। একইসাথে প্রবাসে সংগঠনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি কল্যাণমূলক কর্মকাণ্ডগুলোকে আরও গতিশীল ও বিস্তৃত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কমিটি গঠনের পূর্বমুহূর্তে সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সংগঠনের গত এক বছরের কাজের মূল্যায়ন করা হয় এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা চলে। সভায় উপস্থিত সাধারণ সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং অ্যাসোসিয়েশনের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেন।




