ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার পর থেকেই শাকিব খান অভিনীত ‘রকস্টার’ দেশ-বিদেশের দর্শকদের নজর কেড়েছে। আজমান রুশো পরিচালিত এই ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। নিয়ামুল করিম পিয়াল নামে একজন দর্শক মন্তব্য করেছেন, চলচ্চিত্রটি সত্যিই চমৎকার, তবে শেষটা আরও সুখী হলে ভালো হতো, যদিও বর্তমান সমাপ্তিটিও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আরেক ভক্ত ইফরান আকাশ দাবি করেছেন, শাকিব খানের প্রতিটি সিনেমাই অসাধারণ, আর এই ছবির গল্প শতভাগ সঠিক। চরকির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রশংসায় ভাসছে ‘রকস্টার’। অনেকেই লিখেছেন ‘অসাধারণ ও চমৎকার একটি চলচ্চিত্র’, ‘মাত্র দেখে শেষ করলাম’, ‘এই প্রথম কোনো সিনেমা ওটিটিতে দেখার জন্য এতটা উৎসাহিত হয়েছি’। দক্ষিণ আফ্রিকা থেকে মোহাম্মদ ইয়াসিন ছবিটি দেখার আগ্রহ জানিয়ে প্রশ্ন রেখেছেন, কীভাবে পূর্ণ ছবি দেখতে পারবেন তিনি। কলকাতার রিভিউয়াররাও ছবিটি দেখে ভিডিও কন্টেন্ট বানিয়েছেন, যেখানে সিনেমাটোগ্রাফি, লোকেশন, গান ও অভিনয়ের প্রশংসা করা হয়েছে। ‘অরিত্রস জ্ঞান’ ইউটিউব চ্যানেলের অরিত্র শাকিব খানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেছেন, সাম্প্রতিক সময়ে তাকে একের পর এক গ্যাংস্টার চরিত্রে দেখা যাচ্ছিল; সেখান থেকে বেরিয়ে এসে ভিন্নধর্মী চরিত্রের চ্যালেঞ্জ নেওয়া এবং তা সফলভাবে উতরে দেওয়া সত্যিই প্রশংসনীয়।

তবে দর্শকদের মধ্যে এই আগ্রহের পাশাপাশি এক বড় উদ্বেগের নাম ‘পাইরেসি’। চরকির ফেসবুক পেজের মন্তব্যের ঘরেই অনেকে পাইরেসি ফাইলের কথা উল্লেখ করেছেন। কেউ লিখেছেন ‘লিংক চাইলে আমার কাছে আসুন’, আবার কেউ বলেছেন ‘যার লাগবে ইনবক্স করুন’। পুরো চলচ্চিত্র শিল্পই বিষয়টি নিয়ে শঙ্কিত।

পরিচালক আজমান রুশো জানিয়েছেন, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা ও নিজের মিউজিশিয়ান জীবনের স্মৃতি মিশিয়ে তিনি এই গল্প তৈরি করেছেন। ছবিতে শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার লুকে নয়, বরং একজন সংগীতশিল্পীর জীবন সংগ্রাম ও উত্থান-পতনের বাস্তব চরিত্রে দেখা গেছে। এই চরিত্রের জন্য তিনি নিজের ওজনও কমিয়েছিলেন। ‘রকস্টার’–এ শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া মিথিলা ও সাবিলা নূর। নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত এই ছবিতে রয়েছে একাধিক গান। সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব।

ছবিটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর (মীরা), তানজিয়া জামান মিথিলা (সুপার মডেল), সুনিধি নায়েক (সুনিধি), পান্থ কানাই (কয়েদি সংগীতশিল্পী), তারিক আনাম খান (ওস্তাদ জুনায়েদ), রোজী সিদ্দিকী (আগুনের মা শবনম), দিলারা জামান (আগুনের দাদি) ও কাজী সাবির (আগুনের সহকারী–বন্ধু আসলাম)। অঞ্জন চৌধুরী নিবেদিত ছবিটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড। চরকি এই ছবির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার। প্রেক্ষাগৃহের তুলনায় আট মিনিট কম দৈর্ঘ্যের এনহেন্সড কাট হিসেবে চরকিতে মুক্তি পেয়েছে ‘রকস্টার’, যা দর্শকেরা সহজেই ধরতে পেরেছেন। একজন মন্তব্য করেছেন, পলিশ একটু বেশি দেওয়া হয়েছে এবং সাউন্ড ডিজাইনেও হালকা পরিবর্তন এসেছে, সম্ভবত উন্নতি করা হয়েছে।