টম ক্রুজ ও রিজ আহমেদ অভিনীত বহুল আলোচিত হলিউড চলচ্চিত্র ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর ভারতীয় মালয়ালম সিনেমার তারকা ফাহাদ ফাসিলের একটি পুরোনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে। ওই সাক্ষাৎকারে ফাহাদ প্রকাশ করেন, শেষ পর্যন্ত রিজ আহমেদ যে চরিত্রে অভিনয় করছেন, তার জন্য তিনিও অডিশন দিয়েছিলেন; কিন্তু নির্বাচিত হতে পারেননি।

গত বছর কিউ স্টুডিওর সঙ্গে এক আলাপচারিতায় ফাহাদ বিস্তারিত জানান, তাঁর অডিশন সন্তোষজনক হলেও মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি ইনারিতু তাঁর ইংরেজি উচ্চারণের আমেরিকান ঢং নিয়ে অসন্তুষ্ট ছিলেন। এই সমস্যা সমাধানে পরিচালক তাঁকে তিন থেকে চার মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে উচ্চারণের প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন। ফাহাদ বলেন, ‘উচ্চারণ নিখুঁত করতে আমাকে যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে বলা হয়েছিল। কিন্তু সেই খরচ তারা বহন করতে রাজি ছিল না। তাই কাজটি ছেড়ে দিই। না হলে আমি দৌড়ে চলে যেতাম। বাণিজ্যিক দিক থেকে বিষয়টি আমার জন্য সম্ভব ছিল না। শুধু উচ্চারণের জন্য এতটা পরিশ্রম করার তাগিদও অনুভব করিনি।’

এই অভিনেতা আরও স্মরণ করেন, পরবর্তীতে পরিচালকের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠকের সময় তিনি অনুভব করেন, ইনারিতু সম্ভবত উপলব্ধি করেছেন যে ফাহাদ এই নির্দিষ্ট চরিত্রের জন্য উপযুক্ত নন। ফাহাদের মতে, এ ধরনের বৈঠকের অভিজ্ঞতা থেকেই তিনি অতীতে অনেক চলচ্চিত্রের সুযোগ হারিয়েছেন। অন্যদিকে, কৌতুকাভিনেতা ভির দাস এক সামাজিক মাধ্যম পোস্টে (যা পরে মুছে ফেলা হয়) দাবি করেন, একই চরিত্রের জন্য তিনি দুইবার অডিশন দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত নির্বাচিত হন রিজ আহমেদ।

ফাহাদ ফাসিল সাক্ষাৎকারে মালয়ালম চলচ্চিত্রের প্রতি তাঁর গভীর অনুরাগের কথাও পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, তাঁর জীবনের ‘জাদু’ ঘটে মালয়ালম সিনেমাতেই। আন্তর্জাতিক নির্মাতারা কেরালায় এসে কাজ করুক—এটাই তাঁর ইচ্ছা। এমনকি যদি কোনো প্রকল্প তাঁকে নতুনভাবে বিশ্বদরবারে পরিচিত করায়, সেটিও তিনি নিজের মাতৃভাষা মালয়ালমেই করতে আগ্রহী।

এদিকে সোমবার প্রকাশিত ‘ডিগার’-এর ট্রেলার ঘিরে বৈশ্বিক আগ্রহ তুঙ্গে। এতে টম ক্রুজকে চিরচেনা অ্যাকশন হিরো রূপে দেখা যায়নি। বরং তিনি মোটা পেট, পাতলা সাদা চুল ও অদ্ভুত উচ্চারণের এক আত্মমগ্ন ধনকুবেরের চরিত্রে আবির্ভূত হয়েছেন। ছবির কেন্দ্রীয় চরিত্র ডিগার রকওয়েল, যার কোম্পানির একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করলে বিশ্ব এক ভয়াবহ জলবায়ু সংকট ও সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের আশঙ্কার মুখে পড়ে। প্রথমে ডিগার এই সংকটকে গুরুত্ব না দিয়ে সাংবাদিকদের ব্যঙ্গাত্মক জবাব দেন, কিন্তু ধীরে ধীরে তিনি বিশ্বের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিতে পরিণত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পৃথিবীকে বাঁচানোর বদলে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠার লড়াই শুরু করেন তিনি। টম ক্রুজ ও রিজ আহমেদ ছাড়াও এতে সান্দ্রা হলার, জন গুডম্যান, জেসি প্লেমন্স, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড এবং এমা ডি’আর্সির মতো তারকারা অভিনয় করেছেন।