দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন সম্প্রতি প্রকাশ করেছেন যে, টানা দুই বছর ধরে একটি সম্পর্কে তিনি ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জীবনের সেই অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানান তিনি। 'আই অ্যাম উইথ ধন্য ভার্মা' শীর্ষক একটি অনুষ্ঠানে এসব কথা বলেন অভিনেত্রী। তবে সম্পর্কটি কার সঙ্গে ছিল, তাঁর নাম প্রকাশ করেননি তিনি।
অনুপমা জানান, সেই সম্পর্কে থাকাকালীন তিনি নিজেকে ক্রমাগত হারাতে বসেছিলেন। সম্পর্কের মধ্যে কোনো স্থিরতা ছিল না বলেও জানান তিনি। কখনো বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হতো, আবার মাত্র দুই দিনের মধ্যে সব ঠিক করে ফেলার চেষ্টা চলত। এই চরম ওঠানামার কারণে তাঁর শরীর ও মনে মারাত্মক প্রভাব পড়ে। প্যানিক অ্যাটাক, উদ্বেগ, ব্ল্যাকআউট, ওজন কমে যাওয়া এবং বমির মতো সমস্যায় ভুগেছিলেন তিনি। এমনকি ডান চোখের পাতা অনবরত কাঁপতে শুরু করায় শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল।
অভিনেত্রী জানান, কোনো কোনো কথোপকথনের পর তিনি বমি করে ফেলতেন এবং খেতে পারতেন না। এতে প্রচুর ওজন কমে যায়। প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন, তারপর সকালে উঠে শুটিংয়ে যেতে হতো। তাঁর চোখের অশ্রুগ্রন্থি ফুলে যাওয়ায় অস্ত্রোপচারও করতে হয়েছে। 'কেন সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারিনি?'— এই প্রশ্নের উত্তরে অনুপমা বলেন, বাইরে থেকে বিষয়টি যত সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। পুরো সম্পর্কটি তাঁর কাছে মাকড়সার জালের মতো মনে হতো। পরিস্থিতির জন্য তাঁকে দায়ী করার প্রবণতা ছিল— সবকিছু যেন একটি নির্দিষ্ট ছকে চলত।
একপর্যায়ে তিনি ওই ব্যক্তিকে স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর মানসিক শান্তি নষ্ট হচ্ছে এবং এভাবে সম্পর্ক চালিয়ে যাওয়া সম্ভব নয়। এরপর ধীরে ধীরে ওই ব্যক্তির কথার অসংগতি ও মিথ্যা ধরতে শুরু করেন। তিনি প্রশ্ন করতে থাকেন এবং মুখোমুখি হন। কিন্তু তখন উল্টো তাঁকেই সমস্যার কারণ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। অনুপমা জানান, একসময় এমন একটি ঘটনা ঘটে, যার পর সম্পর্কের পুরো বাস্তবতা তাঁর সামনে স্পষ্ট হয়ে যায়। দুই পরিবারের সদস্যরাও বিষয়টিতে জড়িয়ে পড়েন। এরপর সম্পর্কের এত দিনের 'বুদবুদ' যেন এক মুহূর্তে ফেটে যায়।
ওই ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য শেষ পর্যন্ত তাঁকে হুমকি দিতে হয়েছিল বলে জানান অনুপমা। কারণ, ওই ব্যক্তি নিজের কোনো কাজের দায় স্বীকার করতেন না। শেষ সাক্ষাতের কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। বলেন, শেষ ১০ সেকেন্ডে ওই ব্যক্তির দিকে তাকিয়ে তাঁর মনে হয়েছিল, মুখোশটি খুলে যাচ্ছে এবং তিনি যেন 'একজন দানবকে' দেখতে পাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের শুরুর দিকে অনুপমা ও অভিনেতা ধ্রুব বিক্রমকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের চুম্বনের একটি ভিডিও ছবি ছড়িয়ে পড়ে। ভক্তদের একাংশ দাবি করেছিলেন, ছবিটি তাঁদের যৌথ স্পটিফাই প্লেলিস্টের প্রোফাইল ছবি ছিল। তবে অনুপমা তাঁর সাম্প্রতিক বক্তব্যে কারও নাম বলেননি।




