একসঙ্গে ১২৫টি টি-শার্ট পরিধান করে পূর্ণ ম্যারাথন দৌড় সম্পন্ন করলেন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সবচেয়ে বেশি রেকর্ডধারী এই ব্যক্তি গরমের মধ্যে এই অভূতপূর্ব কীর্তি স্থাপন করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। এর আগে ২০২৫ সালে ‘ফেমাস আইডাহো পটেটো হাফ ম্যারাথন’-এ ১৩৭টি টি-শার্ট গায়ে দিয়ে দৌড় শেষ করেছিলেন তিনি, সেটি থেকেই এবার পূর্ণ ম্যারাথনে রেকর্ড গড়ার প্রেরণা পান।

নতুন এই চ্যালেঞ্জের প্রস্তুতি হিসেবে কয়েক মাস ধরে ভারী ওজন নিয়ে দৌড় এবং বহু স্তরে মোটা পোশাক পরে অনুশীলন চালিয়ে যান রাশ। গত ১৬ মে ‘ওয়াইএমসিএ ফেমাস আইডাহো পটেটো ম্যারাথন’-এ ১২৫টি টি-শার্ট পরে প্রতিযোগিতায় নামেন তিনি। কিন্তু দৌড়ানোর এক পর্যায়ে বিপাকে পড়েন রাশ। অত্যধিক গরমে তাঁর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং সঙ্গে রাখা বরফও নিঃশেষ হয়ে যায়। বাধ্য হয়ে ম্যারাথনের মাঝপথে একটি গলফ কোর্সে থামতে হয় তাঁকে। তাঁর এক সহকারী তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে জরুরি ভিত্তিতে বরফ সংগ্রহ করে আনেন। রাশ পরবর্তীতে জানান, ওই বরফই তাঁকে হাসপাতালে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে।

সকল প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ৫ ঘণ্টা ৫৪ মিনিট ৫০ সেকেন্ড সময়ে ম্যারাথন সম্পন্ন করেন ডেভিড রাশ। গিনেস কর্তৃপক্ষ তাঁর জন্য ছয় ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল, অর্থাৎ সময় শেষ হওয়ার মাত্র ৫ মিনিট ১০ সেকেন্ড আগে তিনি লক্ষ্যে পৌঁছান। দৌড় শেষ করার পর ১২৫টি টি-শার্ট খোলার অভিজ্ঞতাকে তিনি শরীর থেকে ‘ভূত নামানোর’ মতো বলে বর্ণনা করেন। এতে তাঁর ত্বকে লালচে দাগ পড়ে যায় এবং প্রায় ৪৩ পাউন্ড ওজনের পোশাকের চাপে পিঠও যেন দেবে গিয়েছিল।

এত কষ্ট স্বীকার করেও নিজের অর্জনের তালিকায় নতুন এই রেকর্ড যোগ করতে সক্ষম হয়েছেন রাশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ১০০টি টি-শার্ট পরে পূর্ণ ম্যারাথন শেষ করার পূর্ববর্তী রেকর্ড ভেঙে নতুন রেকর্ডটি স্থাপিত হয়েছে।