মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি নতুন ধরনের সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগে আক্রমণাত্মক ড্রোন পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক টাস্কফোর্স তৈরি করা হয়েছে, যেখানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই পদক্ষেপকে আঞ্চলিক সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোর এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
নতুন এই বাহিনী মূলত ন্যাটো জোটের আদলে গঠন করা হচ্ছে, যেখানে সদস্য দেশগুলো একত্রে কাজ করার মাধ্যমে নিজ নিজ আকাশসীমা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে পারবে। সেন্টকমের এই উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যৌথ সামরিক মহড়া এবং তথ্য আদান-প্রদানের পাশাপাশি ড্রোন হামলার সমন্বয় ঘটানোর পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই টাস্কফোর্স গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে। এই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ড্রোন প্রযুক্তির ব্যবহার দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থায় যৌথ ড্রোন বাহিনী গঠন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই টাস্কফোর্সের মাধ্যমে মিত্র দেশগুলোর মধ্যে অপারেশনাল সমন্বয় বৃদ্ধি পাবে এবং যেকোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। নতুন এই কাঠামোতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ, যদিও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।
সেন্টকমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্মকর্তারা বলছেন, এই জোট আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এই টাস্কফোর্সের অধীনে যৌথ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।




