মার্ভেল সিরিজের জনপ্রিয় খলনায়ক মাদাম গাও চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রী ওয়াই চিং হো আর নেই। ৮২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর ‘ডেয়ারডেভিল’-এর সহ-অভিনেতা পিটার শিনকোদা। শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি এই দুঃসংবাদ জানান।

রোববার আরেকটি পোস্টে শিনকোদা লেখেন, “আমি তোমাকে কখনো ভুলব না। সেটে ও সেটের বাইরে তোমার সঙ্গে থাকার প্রতিটি মুহূর্তে আমি তোমার কাছ থেকে শিখেছি। আমি জানি প্রজ্ঞা কী—তোমার প্রতিটি কথায় আমি মন দিতাম। আমার বন্ধু, আমরা আবার দেখা করব। তুমি ছিলে সুন্দর।”

অভিনেত্রীর মৃত্যুর আরও বিস্তারিত জানান পরিচালক ও অভিনেতা পেরি ইয়াং। তিনি রোববার ইনস্টাগ্রামে লেখেন, “যারা ওয়াই চিং হোকে চিনতেন, তাদের জন্য এটি অত্যন্ত আবেগঘন মুহূর্ত। দুদিন আগে স্ট্রোকের পর তিনি শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।” ইয়াং ‘হাই রেজোলিউশন’ সিনেমায় ওয়াই চিং হোর চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

২০১৫-২০১৬ সালে নেটফ্লিক্সের মূল সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর প্রথম ও দ্বিতীয় মৌসুমের ছয়টি পর্বে মাদাম গাও চরিত্রে দেখা যায় তাকে। ২০১৭ সালে মার্ভেলের ‘আয়রন ফিস্ট’-এর ১৩টি পর্বের মধ্যে নয়টিতে এবং একই বছর ‘দ্য ডিফেন্ডারস’-এর আটটি পর্বের মধ্যে ছয়টিতে তিনি এই ভূমিকায় ফিরে আসেন।

মার্ভেল সিরিজের বাইরেও ওয়াই চিং হো জেনিফার লোপেজের ২০১৯ সালের হিট নাটক ‘হাসলার্স’-এ অভিনয় করেন, যেখানে তিনি কনস্ট্যান্স উয়ের চরিত্রের দাদীর ভূমিকায় ছিলেন। এছাড়াও ডিজনির অ্যানিমেটেড চলচ্চিত্র ‘টার্নিং রেড’-এ তিনি দাদি/পান্ডা দাদি চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।

১৯৪৩ সালের ১৬ নভেম্বর হংকংয়ে জন্মগ্রহণকারী ওয়াই চিং হো তার ৩৬ বছরের ক্যারিয়ারে প্রায় ৭০টি ভূমিকায় অভিনয় করেছেন। রবিন উইলিয়ামসের ডার্ক কমেডি ‘ক্যাডিল্যাক ম্যান’-এ (১৯৯০) একটি ছোট চরিত্রে অভিষেক হয় তার। অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সোপডিশ’, ‘কিপিং দ্য ফেইথ’ এবং ‘রোবট স্টোরিজ’।