বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলের তত্ত্বাবধানে পরিচালিত 'অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম'-এ অংশ নেওয়ার জন্য সময় শেষ হচ্ছে। আগামী ১০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আট সপ্তাহব্যাপী এই অনলাইন কর্মসূচিতে ইংরেজি দক্ষতার সনদ আইইএলটিএস আবশ্যক নয়, যা আগ্রহীদের জন্য একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

২০১৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা এই প্রোগ্রামটি প্রতিষ্ঠা করেন। শুরুতে এটি 'ক্রসরোডস ইমার্জিং লিডারস' নামে পরিচিত ছিল। বর্তমানে তিনটি মডিউল নিয়ে পরিচালিত এই সম্পূর্ণ অর্থায়িত কোর্সে সারা বিশ্বের সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল তরুণ-তরুণীদের জন্য নেতৃত্বের দক্ষতা অর্জনের পথ খুলে দেওয়া হয়েছে।

প্রোগ্রামটির জন্য নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি জানাই যথেষ্ট। শর্ত হলো, প্রার্থীকে পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বা অধ্যায়নরত অবস্থায় থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এবং যাঁরা ইতিমধ্যে স্নাতক সম্পন্ন করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।

এই কর্মসূচিতে অংশ নিলে অংশগ্রহণকারীরা বিশ্বের অন্যান্য অ্যাস্পায়ার শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে নেটওয়ার্কিংয়ের অভিজ্ঞতা লাভ করবেন। হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাঠ নেওয়ার পাশাপাশি বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার উন্নয়ন কোর্সে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, নিজস্ব আইডিয়া বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং ব্যবহারিক দক্ষতা নির্মাণ কর্মশালায় অংশগ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বিনা মূল্যে এই প্রোগ্রামে আবেদন করতে পারেন। ঘরে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জনের এই উদ্যোগে আগ্রহীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদনের প্রক্রিয়া ও অনলাইন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে।