বড় বাজেটের দল গড়ার পর এবার বিদেশি কোচ নিয়োগের মাধ্যমে নতুন মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো শিবিরের নতুন দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। আজ মোহামেডান ক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে ৫৩ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

উয়েফা প্রো লাইসেন্সধারী ভারেলার কোচিং ক্যারিয়ারের বড় অংশই ভারতের ফুটবল অঙ্গনে কেটেছে। ২০১৮ সালে ভারতের গোকুলাম কেরালায় যোগদানের মাধ্যমে সেখানে তার যাত্রা শুরু হয়। প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে দেন তিনি, পরের মৌসুমে দলের হাতে তুলে দেন মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপের ট্রফি। তবে ২০২০ সালের জুনে বেতন সংক্রান্ত টানাপোড়েন এবং আই-লিগে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হয়ে গোকুলাম ছেড়ে দেন। এরপর তিনি গোয়ার চার্চিল ব্রাদার্সের দায়িত্ব নেন এবং সর্বশেষ স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায় কোচ হিসেবে কাজ করেছেন।

আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ভারেলা দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস করছেন। ফুটবল নিয়ে তিনি 'ফুটবল ইন্টেলিজেন্ট' শিরোনামে একটি বইও রচনা করেছেন। নতুন কোচের অধীনে মোহামেডান কেমন ফুটবল খেলে তা দেখার অপেক্ষায় রয়েছে ক্লাব সমর্থকরা।