চীনা ভিডিও-নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত বিভিন্ন আধেয় শনাক্তকরণ এবং ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে। এআই প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ (এনএএমএলই) গঠন এবং একটি ব্যবহারিক নির্দেশিকা তৈরি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গত নভেম্বর থেকে প্রচারিত টিকটকের তৈরি শিক্ষামূলক বিষয়বস্তু এখন পর্যন্ত ২০ কোটি বারের বেশি দেখা গেছে। এই কর্মসূচির জন্য বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের পক্ষে ৪০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জেনারেটিভ এআইয়ের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও স্প্যাম বার্তা প্রতিরোধে নিজেদের সুরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করেছে প্ল্যাটফর্মটি। এরই ফলে চলতি বছরের প্রথম প্রান্তিকেই ৮ কোটি ৬০ লাখের বেশি জাল অ্যাকাউন্ট অপসারণ করা সম্ভব হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই-নির্ভর স্প্যাম পোস্ট করা অ্যাকাউন্টগুলো দ্রুত চিহ্নিত করতে অচিরেই নতুন একটি প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালু করবে টিকটক।
‘ম্যানেজ টপিকস’ নামের ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কতটুকু এআই কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। এছাড়া সৃজনশীলতা ও এআই নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’ নামের টুল তৈরি করছে প্রতিষ্ঠানটি।




