রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, গত ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। এর আগে ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে দেশে ভোটার বেড়েছে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েছিল ইসি। সে অনুযায়ী ৩১ জুলাই পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখতে চেয়েছিল সংস্থাটি।

ভোটার তালিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি পেছালে বা কমিশন ভিন্ন কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূরক তালিকা হিসেবে অন্তর্ভুক্ত হবে। তিনি আরও জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনী আচরণ বিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি বলে জানান তিনি। সংশ্লিষ্ট নথিটি এখন প্রক্রিয়াধীন রয়েছে এবং কাজ শেষ হলে তা পাঠানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ বিএনপির প্রতিনিধিরা এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল মনোনয়নপত্র নেয়নি বলেও জানান তিনি।