রাজধানীর মতিঝিলে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার দুজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত এ রিমান্ডের আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. তানিম রেজা ওরফে বাপ্পী (৪৬) ও মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)। মামলার তদন্ত কর্মকর্তা, মতিঝিল থানার এসআই মোমিনুর রহমান আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ মে ভোরে দক্ষিণ কমলাপুরে বাদী মো. ইসমাইল হোসেনের প্রতিষ্ঠান ‘এআই কার্গো সার্ভিস’-এর তালা কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। একই দিন সকাল সাড়ে ছয়টার দিকে প্রতিষ্ঠানটি লক্ষ্য করে চারটি গুলি ছোড়া হয়, যাতে জানালার কাচসহ বিভিন্ন আসবাব ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ১৯ মে বাদীকে হোয়াটসঅ্যাপে কল করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে ও হাটে অংশীদার না করলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ২০ মে তিনি মতিঝিল থানায় মামলা করেন।

ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত করে। গত শুক্রবার দিলকুশার হোটেল পূর্বাণীর সামনে থেকে তানিম রেজাকে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুর এলাকা থেকে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইস্টার্ন কমলাপুর হাউজিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, একটি ইলেকট্রিক শক গান ও একটি কুড়াল উদ্ধার করে পুলিশ।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী, পলাতক সহযোগী, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং চাঁদাবাজি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এদিকে, তানিম রেজা ও রাকিবুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মতিঝিল থানায় আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলাটি দায়ের করেন থানার এসআই মোমিনুর রহমান। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।