আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বদিউর রহমান। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সভায় নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে সেলিম রহমানের নামও চূড়ান্ত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা বদিউর রহমান ইতোপূর্বে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের বাইরেও তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। দায়িত্ব গ্রহণের পর বদিউর রহমান মন্তব্য করেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হবার সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োজিত ছিল। তখনকার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল।
বর্তমান প্রেক্ষাপটে পুনরায় বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগের ঘটনায় নতুন করে চ্যালেঞ্জের মুখে দায়িত্ব গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ব্যাংকটিকে ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন বদিউর রহমান। অন্যদিকে, সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত। এই শিল্পগোষ্ঠীর গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, লজিস্টিকস ও আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে। বর্তমানে তিনি বিজিএমইএর প্রথম সহসভাপতি হিসেবেও কাজ করছেন।
গত বুধবার বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির পুরোনো ১৪ জন শেয়ারধারীকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংকটির পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে গতকাল পর্যন্ত ব্যাংকটি শুধুমাত্র স্বতন্ত্র পরিচালকদের মাধ্যমেই পরিচালিত হচ্ছিল। এখন নতুন নেতৃত্ব নিয়ে ব্যাংকটি নতুন অধ্যায়ের সূচনা করল।



