বিভিন্ন দেশের পেশাজীবীদের জন্য ভারত সরকারের আইটেক (ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) প্রোগ্রামে এখন চলছে আবেদন প্রক্রিয়া। এই কর্মসূচির আওতায় তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, পরিবেশ ও স্বাস্থ্যসহ নানা বিষয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন বাংলাদেশের নাগরিকরা। প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী প্রশিক্ষণের সময়সীমা ভিন্ন হতে পারে। ২০২৬ সালের আগস্ট থেকে শুরু হয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কোর্সগুলো চলবে বলে জানানো হয়েছে।

আবেদনকারীদের জন্য রয়েছে বেশ কিছু আর্থিক সুবিধা। কোর্সের সম্পূর্ণ ব্যয় বহন করবে ভারত সরকার। এছাড়া প্রার্থীদের বিমানভাড়া প্রদান করা হবে। প্রশিক্ষণ চলাকালীন থাকা, খাওয়া এবং শিক্ষা সফরের জন্য প্রতিদিনের ভাতাও দেওয়া হবে।

যোগ্যতার মানদণ্ডে বলা হয়েছে, আবেদনকারীর বয়স অবশ্যই ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তবে কোর্সভেদে অভিজ্ঞতা সংক্রান্ত যোগ্যতা আলাদা হতে পারে। ইংরেজিতে কথা বলা ও লেখার ভালো দক্ষতাও আবশ্যক হিসেবে উল্লেখ করা হয়েছে।

যারা আবেদন করতে আগ্রহী, তাদের আইটেকের অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি প্রয়োজনীয় কাগজপত্রসহ ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে জমা দিতে হবে।