গত সপ্তাহান্তে কিথ গিল, যিনি রোরিং কিটি নামে পরিচিত, হঠাৎ করেই আবার প্রকাশ্যে আসেন। তিনি রেডডিটে একটি স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে গেমস্টপের ৫ মিলিয়ন শেয়ার থাকার কথা জানানো হয়, যার প্রতিটি ২১.২৭ ডলারে কেনা হয়েছিল। সেইসঙ্গে একটি বড় কল-অপশনের অবস্থানও দেখানো হয়, যার মূল্য ছিল ৬৫.৭ মিলিয়ন ডলার। তার এই প্রকাশের পর সোমবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে গেমস্টপের শেয়ারের দাম বেড়ে যায়। তবে মধ্যাহ্নে এই লাভ দাঁড়ায় প্রায় ২৭ শতাংশে, যা রবিবার রাত ও সোমবার সকালে দেখা যাওয়া ১০০ শতাংশের বেশি উত্থানের চেয়ে অনেকটাই কম।

এদিকে, রেডডিটের ওয়ালস্ট্রিটবেটস সম্প্রদায়ের একজন মডারেটর গিল এবং গেমস্টপের অনুসারীদের কঠোর সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, 'তিন বছর আগে অনেক মানুষ এখানে এসেছিল একটি ট্রেডে অংশ নিতে, কারণ আমরা সবাই বাড়িতে আটক ছিলাম এবং বিনামূল্যে টাকা ছিল। অনেকেরই ক্ষতি হয়েছে, কেউ কেউ লাভ করেছে। এখন মানুষ 'ডাম্ব মানি'-র মতো সিনেমা দেখে ভাবে যে কিছু শেয়ার ধরে রাখলেই তারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করছে।' তিনি আরও বলেন, 'শুভকামনা রোরিং কিটি, তোমার অবস্থান পাগলাটে, কিন্তু তোমার পুরো কৌশল এবং হঠাৎ নিখোঁজ হওয়া সত্যিই খুচরা বিনিয়োগকারীদের ক্ষতি করেছে। ভালো হবে যদি তুমি তাদের আরেকবার ফেলে না রেখে যাও।'

গিলের অবস্থান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে তার এই পদক্ষেপের পরেও অনেক 'এপ আর্মি' সদস্য তার প্রতি বিশ্বস্ত রয়েছেন। গিল বছরের পর বছর ধরে গেমস্টপের পক্ষে কথা বলে আসছেন, টুইটারে রোরিং কিটি এবং রেডডিটে ডিপফাকিংভ্যালু নামে পরিচিত। তার রেডডিট অ্যাকাউন্টটি তিন বছরের বেশি সময় নিষ্ক্রিয় ছিল। রবিবার তিনি পুনরায় আপডেট দেওয়া শুরু করেন। সোমবার সকালের শেয়ার মূল্যের ভিত্তিতে তার বিনিয়োগের মূল্য বেড়েছে ৩৯ মিলিয়ন ডলারের বেশি, যদিও দিনের শুরুর দিকে তা ছিল ৬৫ মিলিয়ন ডলার। তিনি ২০ ডলারে শেয়ার কেনার অপশন রাখার দাবি করেছেন, যার মেয়াদ ২১ জুন। ফরচুন ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বাজারের প্রতিক্রিয়া আগের মতো তীব্র না হওয়ায় ধারণা করা হচ্ছে, খুচরা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কিছুটা কমে এসেছে।