পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত 'মাইকেল' চলচ্চিত্রটি বিশ্বব্যাপী অসাধারণ সাফল্য অর্জন করেছে। জানা গেছে, ছবিটি টিকিট বিক্রি থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি উপার্জন করেছে। ১.০০১ বিলিয়ন ডলারের এই সাফল্য বায়োপিক ধারায় প্রথম। উত্তর আমেরিকা থেকে ৩৭১.৮ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ৬২৯.৮ মিলিয়ন ডলার আয় করে ছবিটি।
এপ্রিলে প্রেক্ষাগৃহে আসার আগে নানা বিতর্কের মুখে পড়েছিল ছবিটি। বিশেষ করে চিত্রনাট্যের কিছু অংশ পুনর্নির্মাণ ও বিতর্কিত অভিযোগসংক্রান্ত দৃশ্য বাদ দেওয়া নিয়ে সরব ছিলেন অনেকে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও দর্শকের অভূতপূর্ব সাড়া পায় 'মাইকেল'। প্রথম সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার উপার্জন করে এটি। এর মাধ্যমে ২০১৫ সালে মুক্তি পাওয়া 'স্ট্রেইট আউটা কম্পটন'-এর উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ড ভেঙে দেয় সিনেমাটি। পুরো গ্রীষ্ম জুড়ে ছবিটি বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রাখে এবং দর্শকরা বারবার হলে ফিরে এসেছেন।
উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ আয় করা সংগীতভিত্তিক বায়োপিক ছিল ২০১৮-র 'বোহেমিয়ান র্যাপসোডি', যার বৈশ্বিক উপার্জন ছিল ৯১১ মিলিয়ন ডলার। 'মাইকেল' সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। ছবিটি পরিচালনা করেছেন অঁতোয়ান ফুকোয়া। মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফর জ্যাকসন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।
প্রযোজনা ও উত্তর আমেরিকায় পরিবেশনার দায়িত্বে থাকা লায়ন্সগেটের জন্যও এটি ঐতিহাসিক সাফল্য। স্টুডিওটির ইতিহাসে এটি প্রথম চলচ্চিত্র, যা এক বিলিয়ন ডলার আয়ের গণ্ডি পেরোল। এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয় করা ছবি ছিল 'দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার' (৮৬৫ মিলিয়ন ডলার) এবং 'দ্য টোয়াইলাইট সাগা: ব্রেকিং ডন পার্ট ২' (৮৫০ মিলিয়ন ডলার)। আন্তর্জাতিক বাজারে ছবিটি মুক্তি দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স।
লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন এক বিবৃতিতে জানান, বিশ্বজুড়ে দর্শকদের সাড়া ছবিটিকে পপ সংস্কৃতির একটি বড় ঘটনায় পরিণত করেছে। তাঁর মতে, মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা আজও অম্লান এবং দর্শক প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভিজ্ঞতার জন্য মুখিয়ে থাকেন। পরিচালক অঁতোয়ান ফুকোয়া এই সাফল্যকে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি বলে আখ্যা দিয়ে বলেন, বিভিন্ন প্রজন্মের দর্শক ছবিটির প্রতি সাড়া দিয়েছেন, যা তাঁদের জন্য গভীরভাবে প্রেরণার।
এই সাফল্যের পর লায়ন্সগেট মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে আরও একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে বলে জানা গেছে।



