মাত্র ২৫ বছর বয়সেই হলিউডের প্রতিযোগিতামূলক জগতে নিজের অবস্থান শক্ত করেছেন ইন্ডে নাভারেত্তে। বর্তমানে চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় আইএমডিবিতে নাম উঠেছে তাঁর। এই সাফল্যের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অবসেশন’। মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৩০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। আইএমডিবির সেরা ২৫০ সিনেমার তালিকায় বর্তমানে ‘অবসেশন’-এর অবস্থান ২৪৭তম এবং রেটিং ৮.১। চলচ্চিত্রটিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইন্ডে। সমালোচকদের মতে, সম্পর্ক ও মানসিক জটিলতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় চরিত্রের আবেগগত দ্বন্দ্ব খুব বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন তিনি।

ইন্ডে নাভারেত্তের পেশাদার পথচলা কিন্তু মোটেও সহজ ছিল না। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। তার পরিবারে শিল্প-সংস্কৃতির চর্চা থাকলেও পেশাগতভাবে অভিনয়ের পথ ছিল অনিশ্চিত। স্কুলজীবনেই নাটক ও পারফর্মিং আর্টসে যুক্ত হন। তবে বলতে গেলে ইউটিউবকেই তিনি নিজের অভিনয় শিক্ষার প্রথম বিদ্যালয় হিসেবে বেছে নিয়েছিলেন। কৈশোরে অভিনয়ের স্বপ্ন নিয়ে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। শুরুতে নাটক, সিরিজ ও সিনেমার জন্য অসংখ্য অডিশন দিয়েছেন। সেগুলোর অধিকাংশই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। চূড়ান্ত তালিকায় গিয়েও অনেক সময় কাজ পাননি। কিন্তু সেই প্রত্যাখ্যান তাঁকে আরও শক্তি ও আত্মবিশ্বাস দিয়েছে। তিনি মনে করতেন, মেধা থাকলে কোনো বাধাই তাঁকে আটকাতে পারবে না।

ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর লাতিন বংশোদ্ভূত পরিচয় এক বড় বাধা হয়ে দাঁড়ায়। অনেক চরিত্রের জন্য তাঁকে ‘খুব বেশি লাতিন’ বা ‘যথেষ্ট লাতিন নন’ বলে মন্তব্য শুনতে হয়েছে। এমনকি তাঁর উচ্চতা নিয়েও কথা উঠেছে। বয়স কখনো কম, আবার কখনো বেশি—এমন কারণেও বাদ পড়েছেন তিনি। তবে থেমে যাননি ইন্ডে। অভিনয়ের পাশাপাশি নাচ ও শারীরিক প্রশিক্ষণ চালিয়ে গেছেন।

২০১৮ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করেন ইন্ডে। এরপর টেলিভিশনের কিছু ছোট চরিত্রে কাজ করে ধীরে ধীরে নজর কাড়েন। আন্তর্জাতিক দর্শকের কাছে তাঁর প্রথম বড় পরিচিতি ঘটে ‘থার্টিন রিজনস হোয়াই’ সিরিজে ক্রুজ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। তারপর ‘সুপারম্যান অ্যান্ড লোইস’ সিরিজে সারা কুশিং চরিত্রটি তাঁকে তরুণ দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এই সিরিজের মাধ্যমেই সুপারহিরো ঘরানার দর্শকদের কাছেও তিনি সুপরিচিত মুখ হয়ে ওঠেন।

বর্তমানে ইন্ডে নাভারেত্তে মনে করেন, সঠিক চরিত্র নির্বাচন, ধারাবাহিক পরিশ্রম এবং অভিনয়ের প্রতি নিবেদনই একজন শিল্পীকে সফল করে তুলতে পারে। জনপ্রিয়তা পাওয়ার জন্য সব সময় বড় বাজেটের সিনেমার প্রয়োজন নেই। পাশাপাশি তিনি পর্দায় বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক পটভূমির মানুষের গল্প আরও বেশি তুলে ধরার পক্ষে সোচ্চার। কাউকে ছোট করা বা বৈষম্যমূলক আচরণ তিনি সমর্থন করেন না। তাঁর সাফল্যের গল্প এখন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।