রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশে প্রিমিয়াম টাইলসের নতুন ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’-এর যাত্রা শুরু হলো। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের এই উদ্যোগে ইতালীয় প্রযুক্তি ও নকশার সমন্বয় ঘটানো হয়েছে। ‘এসেন্স অব ইতালিয়ান ক্রাফট’ প্রতিপাদ্যে সাজানো অনুষ্ঠানের মঞ্চে ইতালির মিলান শহরের স্থাপত্যশৈলীর ছোঁয়া ফুটিয়ে তোলা হয়। ভেন্যুটি পুরোপুরি ইতালীয় আদলে সজ্জিত করা হয়, যেখানে অতিথিদের জন্য ইতালীয় সংগীত পরিবেশিত হয় এবং ইতালীয় খাবারের ব্যবস্থা রাখা হয়।

উদ্বোধন পর্ব শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে ‘ফ্যাশন শো উইথ মিলানো টাইলস’ শিরোনামে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, পাশাপাশি ইতালীয় ধাঁচের ব্যালে নৃত্য এবং ইতালি ও বাংলাদেশের সংস্কৃতির মিশেলে একটি বিশেষ নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি তাঁর বক্তৃতায় জানান, মিলানো সিরামিকস অত্যাধুনিক ইতালীয় প্রযুক্তি, আন্তর্জাতিক মান ও পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার সমন্বয়ে কার্যক্রম শুরু করেছে। তাঁর মতে, বেসরকারি খাতের এমন বিনিয়োগ দেশের শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম অনুষ্ঠানে বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত নকশা ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে মিলানো সিরামিকস দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক অবদান রাখতে সক্ষম হবে।

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম তাঁর বক্তব্যে জানান, শুধু সিরামিক পণ্য উৎপাদন নয়, বরং নান্দনিক ও মানসম্মত নির্মাণসামগ্রী সরবরাহের মাধ্যমে আবাসন খাতে নতুন অভিজ্ঞতা তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম, নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম, এবং বিভিন্ন খাতের স্থপতি, ব্যবসায়ী ও প্রতিনিধিরা।

এ ছাড়া এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের বিদেশি পার্টনারদের পক্ষ থেকে বক্তব্য দেন ইতালির সিস্টেম সিরামিকসের এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি, ডিএলটির উপব্যবস্থাপনা পরিচালক সোফিয়া। উল্লেখ্য, অনুষ্ঠানজুড়ে ইতালীয় সংস্কৃতির ছোঁয়া বজায় রাখা হয়, যা অতিথিদের মুগ্ধ করে।