গত শুক্রবার সন্ধ্যায় চরকির কার্নিভ্যালে স্ত্রী রোবেনা রেজাকে নিয়ে প্রবেশ করেন অভিনেতা মোশাররফ করিম। আসন গ্রহণের আগেই তাঁকে দেখে পেছন থেকে ডাক দেন আরেক অভিনেতা জাহিদ হাসান। হঠাৎ জাহিদ হাসানের ‘মোশাররফ, তোকে আমি কী করব’—এই কথায় কিছুটা বিস্মিত হন মোশাররফ করিম।

কৌতূহল নিয়ে মোশাররফ করিম জাহিদ হাসানের কাছে জানতে চান কী হয়েছে। জবাবে জাহিদ হাসান জানান, তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় মোশাররফ করিমের অভিনয় দেখে সম্পূর্ণ মুগ্ধ। তিনি বলেন, পুরো সিনেমাটি তাঁকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে এবং অভিনয় দেখে তিনি কেঁদে ফেলেছেন। মোশাররফ করিমের প্রতি তাঁর দোয়া ও ভালোবাসা রয়েছে বলেও জানান জাহিদ হাসান।

জাহিদ হাসানের কাছ থেকে এমন প্রশংসা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান মোশাররফ করিম। তাঁর কথায়, জাহিদ হাসান তাঁর পছন্দের অভিনেতাদের একজন। তাই তাঁর কাছ থেকে এমন ইতিবাচক মন্তব্য পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত সম্মানের। মোশাররফ করিম জাহিদ হাসানের স্বাস্থ্যের খোঁজও নেন, কারণ অনেক দিন ধরে তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ হয়নি।

পরে জাহিদ হাসান তাঁদের বসতে বলেন। সামনের সারিতে খালি আসন থাকা সত্ত্বেও জাহিদ হাসানের পেছনের সারিতে বসলেন মোশাররফ করিম দম্পতি। তখন শুরু হয় দুজনের মধ্যে আড্ডা। জাহিদ হাসান জানান, তিনি মোশাররফ করিমকে এসএমএস করেও প্রশংসা জানিয়েছিলেন, তবে মোশাররফ করিম জানান সেই নম্বরটি তিনি আর ব্যবহার করেন না। পরে তারা পরস্পরের নতুন নম্বর আদান-প্রদান করেন।

প্রথম আলোর সাথে আলাপকালে জাহিদ হাসান বলেন, ‘মোশাররফ করিম অসাধারণ অভিনয় করেছে। আমি সত্যিই মুগ্ধ। যা ভালো লেগেছে, তাই মোশাররফকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, আমাদের এখানে সহকর্মীদের নিয়ে সাধারণত নেতিবাচক কথাই বেশি শোনা যায়, কিন্তু প্রশংসা করার প্রবণতা কম। এই সিনেমায় মোশাররফ করিম ও শরীফুল রাজ—সবার অভিনয়ই তাঁর ভালো লেগেছে। পুরো সিনেমাটি তাঁকে এতটাই আবেগপ্রবণ করেছে যে তিনি বারবার কেঁদেছেন। সেই অনুভূতিই তিনি মোশাররফ করিমের সাথে ভাগ করে নিয়েছেন।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েই মূলত দুই গুণী অভিনেতার এই আলোচনা হয়। জাহিদ হাসানের আবেগঘন প্রশংসা ও স্নেহ মোশাররফ করিমের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।