বাংলাদেশে গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার লক্ষ্যে সম্প্রতি 'ড্রাইভিং টেস্ট' দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। এই পরীক্ষার অভিজ্ঞতার আলোকে দেশের সড়ক ব্যবহারের সামগ্রিক পরিস্থিতি, বিদ্যমান আইন-কানুনের প্রয়োগ এবং সড়ক শৃঙ্খলার বর্তমান অবস্থা নিয়ে তাঁর নিজস্ব ভাবনা প্রকাশ করেছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে এই বিষয়গুলো উঠে এসেছে।
জাইমা রহমান তাঁর পোস্টে লন্ডনের ড্রাইভিং টেস্টের সাথে দেশের ড্রাইভিং টেস্টের অভিজ্ঞতার একটি তুলনামূলক দিক তুলে ধরেছেন। তিনি জানান, দেশে পরীক্ষা দেওয়ার সময় তিনি কেবল লাইসেন্স পাওয়া বা ড্রাইভিং টেস্টের সীমাবদ্ধতায় আটকে থাকেননি, বরং সড়কের সামগ্রিক ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রক ব্যবস্থার মধ্যকার সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন।
সড়কের বাস্তব সমস্যাগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, পথচারী হিসেবে পর্যাপ্ত ক্রসিংয়ের অভাব এবং দ্রুতগতির যানবাহনের মাঝখান দিয়ে রাস্তা পার হওয়ার ঝুঁকি কতটা ভয়াবহ। পাশাপাশি ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের হাঁটার যে চরম ভোগান্তি পোহাতে হয়, সেই বিড়ম্বনার কথাও তিনি তুলে ধরেন। এছাড়া বাস, মোটরসাইকেল, রিকশা এবং প্রাইভেট কারের নিয়ম বহির্ভূত চলাচল ও ভিড়ের ফলে সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন তিনি। যাত্রী এবং চালক—উভয় দৃষ্টিকোণ থেকে একজন মানুষ যে ধরণের পরিস্থিতির সম্মুখীন হন, তা তাঁর লেখায় বিস্তারিতভাবে ফুটে উঠেছে।
সড়ক নিরাপত্তা প্রসঙ্গে জাইমা রহমান জোর দিয়ে বলেন যে, এই বিষয়টি কেবল উন্নত গাড়ি, লাইসেন্স প্রদান কিংবা শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং যারা প্রতিদিন এই পথে চলাচল করেন, তাদের নিরাপত্তাকে কেন্দ্র করেই পুরো বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তিনি মনে করেন, দেশের সড়ক ব্যবস্থায় যদি প্রকৃত পরিবর্তন আনতে হয়, তবে আমাদের প্রচলিত ভাবনার কাঠামোর আমূল পরিবর্তন এবং নতুন করে সাজানো জরুরি।




