চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে ব্র্যান্ড ও স্টোরেজ ক্ষমতার ওপর ভিত্তি করে কয়েকটি মডেলের সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) দাম ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এসএসডির দামে কিছুটা উর্ধ্বগতি দেখা গেলেও প্রসেসর, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, র্যাম ও অন্যান্য কম্পিউটার পার্টসের বাজার প্রায় স্থিতিশীল আছে। রাজধানীর বিভিন্ন কম্পিউটার মার্কেট থেকে এসব উপকরণের দাম সংগ্রহ করা হয়েছে।
বাজার জরিপে দেখা গেছে, প্রসেসরের দামে বড় কোনো পরিবর্তন আসেনি। ইন্টেলের কোর আলট্রা ৯ ২৮৫কে (৫.৭০ গিগাহার্টজ) ৭২ হাজার টাকা, কোর আই–৯ ১৪ প্রজন্ম ৫৬ হাজার টাকা এবং কোর আল্ট্রা–৭ ২৬৫কে (৫.৫ গিগাহার্টজ) ৩৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। একইভাবে কোর আই–৭ ১৪ প্রজন্মের দাম ৫০ হাজার টাকা, কোর ই–৫ ১৪৬০০কেএফ ৩৮ হাজার টাকা এবং কোর ই–৩ ১৩ প্রজন্মের প্রাইস ১৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে এএমডির রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪৭ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ২৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ১৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
মাদারবোর্ডের মূল্যও সপ্তাহজুড়ে অপরিবর্তিত রয়েছে। আসুস প্রাইম এইচ৬১০এম (ডিডিআর৪) ১০ হাজার ৬০০ টাকা, গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স ২০ হাজার টাকা এবং এমএসআই প্রো এইচ ৬১০ এম–জি ১১ হাজার টাকায় পাওয়া গেছে।
র্যামের বাজারে করজেয়ারের ভেনজিন্স এলপিএক্স ৮ জিবি ডিডিআর৪ এর মূল্য ৭ হাজার ৪০০ টাকা ও ১৬ জিবি ডিডিআর৫ ভেনজিন্স আরজিবি-র দাম ২৭ হাজার ৫০০ টাকা। জিস্কিলের ট্রাইডেন্ট জেড আরজিবি ৮ জিবি ডিডিআর৪ এর মূল্য ৭ হাজার ৫০০ টাকা এবং ৩২ জিবি ডিডিআর৫ ট্রাইডেন্ট জেড৫ নিও আরজিবি-র মূল্য ৬৪ হাজার টাকা। কিংসটনের ফিউরি ১৬ জিবি ডিডিআর৫-এর দাম ৩০ হাজার টাকা এবং ওসিপিসির পিস্টা ৩২ জিবি আরজিবি ডিডিআর৫-এর মূল্য ৪২ হাজার ৭০০ টাকা নির্ধারিত আছে।
হার্ডডিস্ক ড্রাইভের (এইচডিডি) বাজারেও স্থিতিশীলতা বিরাজ করছে। সিগেট বারাকুডা ২ টেরাবাইটের দাম ১৭ হাজার ২০০ টাকা, ৪ টেরাবাইটের দাম ২২ হাজার ৫০০ টাকা এবং আয়রন ওলফ প্রো ৮ টেরাবাইটের মূল্য ৪০ হাজার টাকা। তোশিবার পি৩০০ ২ টেরাবাইট এইচডিডি ১৪ হাজার টাকায় এবং এক্স৩০০ ৪ টেরাবাইট ১৭ হাজার ৫০০ টাকায় মিলছে।
সলিড স্টেট ড্রাইভের মধ্যে দাম বাড়ার বিষয়টি দৃশ্যমান হয়েছে। স্যামসাংয়ের পিএম ৯৯১এ ২৫৬ জিবি-র দাম ৪ হাজার ৮০০ টাকা, ৯৯০ প্রো ১ টেরাবাইটের মূল্য ৩২ হাজার ৫০০ টাকা এবং ২ টেরাবাইট সংস্করণের দাম ৫১ হাজার টাকা। টিমের সিএক্স২ সাটা ১ টেরাবাইটের মূল্য ১৭ হাজার টাকা, করজেকারের এমপি৬০০ প্রো ১ টেরাবাইটের দাম ২৩ হাজার ৫০০ টাকা। এইচপির ইএক্স৯০০ ৫১২ জিবি এসএসডি ১২ হাজার টাকায় এবং ওসিপিসির এক্সটিএল–২০০ ১ টেরাবাইটের মূল্য ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
পোর্টেবল হার্ডডিস্ক ও মনিটরের বাজারেও বড় কোনো দর ওঠানামা পরিলক্ষিত হয়নি। ওয়েস্টার্ন ডিজিটালের মাই পাসপোর্ট ১ টেরাবাইট ১০ হাজার ৫০০ টাকা, ট্রান্সসেন্ডের স্টোরজেট ২৫এইচ৩ ১ টেরাবাইট ১৩ হাজার ৫০০ টাকা এবং সিগেটের স্কাইহক এআই ১৬ টেরাবাইট ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। মনিটরগুলোর মধ্যে আসুসের ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চির মূল্য ১৫ হাজার টাকা, এইচপির ২৭ ইঞ্চি এলিট ডিসপ্লের দাম ২৭ হাজার টাকা এবং এলজির ২৭ ইঞ্চি আলট্রাফাইন ৪০ হাজার টাকায় তালিকাভুক্ত।
গ্রাফিক্স কার্ডের বাজারেও গতি স্থির। গিগাবাইটের আরটিএক্স ৩০৫০ উইন্ডোফোর্স ৬ জিবি-র দাম ৩০ হাজার টাকা এবং আসুসের ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি-র মূল্য ৩৩ হাজার টাকা। এমএসআই জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬ জিবি-র দাম ২ লাখ টাকা নির্ধারিত হয়েছে, অপরপক্ষে আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ৬ জিবি-র মূল্য ৩২ হাজার টাকা। ওসিপিসির আরটিএক্স ৫০৫০ ৮ জিবি সাদা মডেলটি ৪৩ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য অনুষঙ্গের বাজারও মোটামুটি স্থিতিশীল। কীবোর্ড, প্রিন্টার, ইউপিএস, অ্যান্টিভাইরাস ও রাউটারের মূল্যে কোনো উল্লেখযোগ্য তারতম্য হয়নি। উদাহরণস্বরূপ, লজিটেক কে১২০ কীবোর্ড ৭৭০ টাকা, এইচপি স্মার্ট ট্যাংক ৫৮০ প্রিন্টার ১৯ হাজার ৩০০ টাকা, ম্যাক্সগ্রিন ৬৫০ ভিএ ইউপিএস ৩ হাজার ৩০০ টাকা, ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড অ্যান্টিভাইরাস ৬০০ টাকা এবং টিপি-লিংক টিএল-ডব্লিউআর৮৪০এন রাউটার ১ হাজার ৫০০ টাকায় প্রাপ্য।
ক্রেতাদের মনে রাখতে হবে যে তালিকাভুক্ত দামগুলো শুধুমাত্র পৃথক যন্ত্রাংশের। একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম কিনতে গেলে এর সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে। পাশাপাশি, ঢাকার বিভিন্ন বাজারভেদে এই দামের সামান্য তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে।


