রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে শুক্রবার ভোরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত অবস্থায় তার বন্ধু সোহেল (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। নিহত হুমায়ুন কলাবাগানের একটি মুদিদোকানের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, হুমায়ুন ও সোহেলসহ কয়েক বন্ধু মিলে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া বেড়াতে যান। তারা একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন। সেখানে ইলিশ পোলাও খেয়ে শুক্রবার ভোরে ঢাকার পথে রওনা হন। হুমায়ুন একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন সোহেল। পোস্তগোলায় বুড়িগঙ্গা প্রথম সেতুতে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক বা কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনই।

ঘটনার পর তাদের বন্ধু মানিক হাওলাদার দ্রুত হুমায়ুন ও সোহেলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ছয়টার দিকে চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সোহেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, হুমায়ুনের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়। রাজধানীর কলাবাগানে থাকতেন তিনি। বাবার নাম মিজানুর রহমান পাটোয়ারী। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।