হলিউড অভিনেত্রী জোয়ি কিং আজ নিজের ২৭তম জন্মদিন পালন করছেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই জন্মগ্রহণকারী এই শিল্পী মাত্র চার বছর বয়সে একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তাঁর অভিনয়ের পেছনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন দুই বড় বোন। তারা ছোটবেলা থেকেই লক্ষ্য করতেন জোয়ির স্বাভাবিক অভিনয় প্রতিভা এবং কথাবার্তা ও আচরণের মাধ্যমেই তা ফুটে উঠত।

শৈশবেই তিনি ‘দ্য সুইট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’, ‘রামোনা অ্যান্ড বিজাস’-এর মতো জনপ্রিয় প্রযোজনা এবং ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। কিন্তু শিশুশিল্পী থেকে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হওয়ার পথ মোটেও সহজ ছিল না। এলি অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর দীর্ঘদিন ধরে তাকে শুধু সেই পরিচয়েই দেখা হতো। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালো চরিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাঁর ভাষায়, ‘শিশুশিল্পী হিসেবে সফল হওয়া দারুণ, কিন্তু সেখান থেকে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা খুব কঠিন। এটি সত্যিই দীর্ঘ এক যাত্রা।’

এই দীর্ঘ পথচলায় জোয়ি কিংকে বারবার অবমূল্যায়নের শিকার হতে হয়েছে। তিনি বলেন, ‘অনেক সময় আমাকে অবমূল্যায়ন করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আমি সব সময় নিজের কাজ দিয়েই উত্তর দিতে চেয়েছি।’ ঠিক সেই সময়ে ২০১৮ সালে নেটফ্লিক্সের ‘দ্য কিসিং বুথ’ সিনেমা তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আনে। এই সিনেমায় এল ইভান্স চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী নায়িকা হিসেবে পরিচিতি পান। তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ কোটি ৭১ লাখে।

‘দ্য কিসিং বুথ’-এর পরের বছর ‘দ্য অ্যাক্ট’ সিরিজে বাস্তব চরিত্র জিপসি রোজ ব্ল্যানচার্ড-এর ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এই কাজের জন্য তিনি এমি ও গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন। এরপর থেকে তাঁর ক্যারিয়ার আরও উজ্জ্বল হতে থাকে।

শুধু অভিনয়েই সীমাবদ্ধ নন জোয়ি। তিনি নিজ নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন এবং নেটফ্লিক্সের ‘আগলিজ’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন। ক্যামেরার পেছনের কাজও তাকে সমানভাবে আকর্ষণ করে, তবে অভিনয় ছেড়ে তিনি থাকতে পারেন না। তিনি বলেন, ‘আমি খুবই সাধারণ। কিন্তু আমি অভিনয় ছাড়া থাকতে পারি না। থাকলে ক্রেজি হয়ে যাই।’

বর্তমানে তাঁর সর্বশেষ কাজ ‘উই ওয়ার দ্য লাক ওয়ান্স’ সিরিজ। এছাড়া ‘অ্যা ফ্যামিলি অ্যাফেয়ার’, ‘বুলেট ট্রেন’ তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য প্র্যাকটিক্যাল ম্যাজিক্যাল-২’। জোয়ি বর্তমানে ৫০ লাখ ডলারের মালিক। টিন ভোগকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি সব সময় এমন কাজ করতে চাই, যা আমাকে ভয় দেখায়। কারণ, নিজের স্বস্তির জায়গা থেকে বেরিয়ে এলেই একজন শিল্পী হিসেবে সবচেয়ে বেশি শেখা যায়।’