অভিনেত্রী হেইডেন প্যানেটিয়েরের আকস্মিক মৃত্যুর পর তাঁর পুরোনো কাজগুলো আবারও আলোচনায় এসেছে। 'রিমেম্বার দ্য টাইটানস', 'হিরোজ' বা 'ন্যাশভিল'-এর মতো জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে তাঁর অভিনয় নতুন করে স্মরণ করছেন অনুরাগীরা। তবে শুধু পর্দার কাজই নয়, ভিডিও গেমের জগতেও প্যানেটিয়েরের এক উজ্জ্বল অধ্যায় ছিল। 'কিংডম হার্টস' ফ্র্যাঞ্চাইজিতে কাইরি চরিত্রে কণ্ঠ দেওয়ার সুবাদে গেমিং সম্প্রদায়ের কাছেও তিনি ছিলেন পরিচিত মুখ। সেই সূত্র ধরেই তাকে শ্রদ্ধা জানিয়েছেন কাইরি চরিত্রের পরবর্তী কণ্ঠশিল্পী অ্যালিসন স্টোনার।
প্রথম 'কিংডম হার্টস' ও তার দ্বিতীয় সংস্করণে কাইরির কণ্ঠ ছিলেন প্যানেটিয়েরে। এরপর কিছু সময়ের জন্য এই চরিত্রে কণ্ঠ দেন স্টোনার। পরে প্যানেটিয়েরে আবার ফিরে এলেও ২০১৯ সালে প্রকাশিত 'কিংডম হার্টস ৩'-এ কাইরির কণ্ঠ ছিলেন স্টোনারই। সম্প্রতি ঘোষণা করা হয়েছে 'কিংডম হার্টস ৪' ২০২৭ সালে মুক্তি পাবে। সেখানে স্টোনারের ফিরে আসা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি, যদিও তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
প্যানেটিয়েরের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন স্টোনার। সেখানে তিনি বলেন, “এই মুহূর্তটি আমার জন্য খুবই কঠিন। দয়া করে আমার প্রতি কিছুটা সহানুভূতি দেখাবেন। আমি হেইডেনের প্রস্থান স্বীকার করতে চেয়েছিলাম। আমি হেইডেনের সঙ্গে কাজ করেছি, তাঁর ভাই জ্যানসেনের সাথেও কাজ করেছি (২০২৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি)। এক কাইরি থেকে আরেক কাইরি হিসেবে বলতে চাই, এটি শুধু কিংডম হার্টস পরিবারের জন্যই নয়, তাঁর ঘনিষ্ঠজন এবং তাঁর ছুঁয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জন্যও একটি বিশাল ক্ষতি।”
তিনি আরও বলেন, “হেইডেনের পরিবারের প্রতি আমার অনেক ভালোবাসা। তিনি যা রেখে গেছেন, সেই উত্তরাধিকার নিয়ে আমি ভাবব। কিংডম হার্টস কমিউনিটির প্রতিও আমার ভালোবাসা রইল, যারা এই ক্ষতিতে আমাদের সঙ্গে শোক ভাগ করে নিচ্ছে।”
শুধু কিংডম হার্টসই নয়, গেমিং জগতে প্যানেটিয়েরের আরেকটি উল্লেখযোগ্য কাজ হলো 'আনটিল ডন'। রামি মালেক, ব্রেট ডালটন, জর্ডান ফিশার ও পিটার স্টোরমেয়ারের মতো তারকাদের সঙ্গে এই সিনেমাটিক হরর গেমে সামান্থা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ২০২৭ সালে এর সিক্যুয়েল মুক্তির কথা রয়েছে। ২০২৫ সালে গেমটি অবলম্বনে নির্মিত চলচ্চিত্রেও প্যানেটিয়েরে ছিলেন না।
হলিউড জুড়ে প্যানেটিয়েরের এই ক্ষতির শোক ছড়িয়ে পড়েছে। 'কিংডম হার্টস' সিরিজটি এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৯০ লক্ষ কপি বিক্রি হয়েছে বলে জানা গেছে। চতুর্থ সংস্করণ বের হলে এই সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। চলচ্চিত্র, টেলিভিশন কিংবা ভিডিও গেম—বিনোদনের প্রতিটি শাখায় তাঁর প্রভাব ছিল দৃশ্যমান। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সব অনুরাগী।




