বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রি নিয়ে বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখে থাকা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পেয়েছেন এক শক্তিশালী ভোটব্যাংকের অকুণ্ঠ সমর্থন। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (কাফ) নির্বাহী কমিটি গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে সর্বসম্মতভাবে ইনফান্তিনোর পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যেখানে বিশ্বকাপ বর্জনের হুমকি এখনও প্রত্যাহার করেনি, সেখানে আফ্রিকা হেঁটেছে সম্পূর্ণ বিপরীত পথে। ফিফার ২১১টি সদস্যরাষ্ট্রের মধ্যে ৫৪টির প্রতিনিধিত্বকারী কাফ দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী ভোটব্যাংক হিসেবে বিবেচিত। ২০১৬ সালে ইনফান্তিনো দায়িত্ব গ্রহণের পর থেকেই এই সংস্থা ধারাবাহিকভাবে তাঁর প্রতি সমর্থন জানিয়ে আসছে। কাফের এক বিবৃতিতে বলা হয়, সংস্থার নির্বাহী কমিটি আফ্রিকান ফুটবলে বহু বছরের অবদানের জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ জানিয়েছে এবং তাঁর প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে।

ইনফান্তিনোর মেয়াদকালে সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) গঠনের মাধ্যমে বিশ্বকাপের রাজস্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা। প্রকাশ্যে আসার পর বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন অভিযোগ তোলে যে, এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে তাদের বাদ রাখা হয়েছে। যদিও পরবর্তীতে ফিফা সেই বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসে, তবুও বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে।

কাফ সভাপতি প্যাট্রিস মতসেপে পরিকল্পনাটি পুনর্বিবেচনার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইনফান্তিনো ও মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রোমের দেওয়া ‘যৌথ বার্তা’কে কাফ সমর্থন করে এবং সুশাসন, সঠিক প্রক্রিয়া ও স্বচ্ছতার আন্তর্জাতিক মান মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। চলতি সপ্তাহের শুরুতে আফ্রিকার আরও পাঁচজন প্রভাবশালী ফুটবল নেতা পৃথক বিবৃতি দিয়ে ইনফান্তিনোকে সমর্থন করেন এবং পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানান। এঁদের মধ্যে রয়েছেন কাফের সহসভাপতি ও মরক্কো ফুটবলের প্রধান ফৌজি লেকজা, ফিফা কাউন্সিলের সদস্য হানি আবো রিদা (মিশর), হামিদো জিব্রিলা (নাইজার) ও আহমেদ ইয়াহিয়া (মৌরিতানিয়া) এবং ডিআর কঙ্গোর ফুটবল প্রধান ভেরন মোসেঙ্গো-ওম্বাও।

ইনফান্তিনোর সঙ্গে মতসেপের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। বিতর্ক শুরুর কয়েক দিন আগেও মতসেপে বলেছিলেন, ইনফান্তিনো তাঁর একজন বিশ্বস্ত বন্ধু, যিনি আফ্রিকার প্রতি চিরদিন অনুগত। তাঁর সংস্কৃতিতে বিশ্বস্ততার প্রতিদানে কখনো পিঠে ছুরি মারার নিয়ম নেই। আগামী বছর মার্চে অনুষ্ঠেয় ফিটা সভাপতি নির্বাচনে পুনরায় লড়বেন ইনফান্তিনো। ইউরোপীয় ও অন্যান্য ফুটবল কনফেডারেশনের বিরোধিতার মধ্যে কাফের এই সুস্পষ্ট সমর্থন তার জন্য কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে।