হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জেনডায়া ও টম হল্যান্ড বুধবার সন্ধ্যায় লন্ডনে তাদের সর্বশেষ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর প্রিমিয়ারে অংশ নেন। লেস্টার স্কোয়ারের সাদা কার্পেটে বিপুল ভক্তের ভিড় উপস্থিত ছিল। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি ক্রিস্টোফার নোলানের ব্লকবাস্টার ‘দ্য ওডিসি’-তেও একসঙ্গে অভিনয় করছেন। একসঙ্গে কাজ করার টিপস সম্পর্কে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জেনডায়া বলেন, ‘আমার মনে হয় যখন আপনি সেরা বন্ধু হন, তখন সবকিছুই সহজ হয়ে যায়।’ টম হল্যান্ড এই সিনেমায় পিটার পার্কার তথা স্পাইডার-ম্যান চরিত্রে ফিরেছেন, আর জেনডায়া অভিনয় করেছেন তার অনস্ক্রিন প্রেমিকা এমজে-র ভূমিকায়।
প্রিমিয়ারে জেনডায়া তার পোশাকের মাধ্যমেও দৃষ্টি কেড়েছেন। তামারা রাল্ফের ডিজাইন করা শ্যাম্পেন সিল্ক ক্রেপের ফ্লোর-লেংথ গাউনটি মাকড়সার জালের মতো স্ট্র্যাপযুক্ত ছিল, যা সাদা কার্পেটের সঙ্গে মিলে যায়। সম্প্রতি ‘মেথড ড্রেসিং’-এর জন্য পরিচিত এই ২৯ বছর বয়সী অভিনেত্রী তার স্টাইলিস্ট ল রোচের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমি এই সিনেমাগুলো ভালোবাসি, সেগুলো তৈরি করতে ভালোবাসি। প্রেস ট্যুর ও পোশাকের মাধ্যমে সিনেমার গল্প বলার প্রক্রিয়াকে আরও প্রসারিত করতে পেরে আনন্দিত।’ তার পোশাকে কি সিনেমার কাহিনির কোনো ইঙ্গিত ছিল? হাসতে হাসতে তিনি জানান, ‘এ বিষয়ে কিছু বলতে পারব না। নিজের মতো করে ব্যাখ্যা করে নিন!’
২০১৬ সাল থেকে স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করা টম হল্যান্ড নতুন সিনেমার সেটের অভিজ্ঞতাকে ‘সত্যিই মজাদার’ বলে বর্ণনা করেন। বিবিসিকে তিনি বলেন, ‘আমরা দশ বছর ধরে এই চরিত্রগুলো ফুটিয়ে তুলছি, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। যখনই কোনো চরিত্রে নতুনত্ব আনার সুযোগ আসে, সেটাকে আমরা স্বাগত জানাই। এটি একটি চমৎকার অভিনয় অনুশীলনের মতো ছিল।’ তবে এই সিনেমা কি তার স্পাইডার-ম্যান যাত্রার শেষ? ৩০ বছর বয়সী এই অভিনেতা সরাসরি কিছু না জানিয়ে বলেন, ‘সিনেমাটি দেখুন, হয়তো উত্তর পেয়ে যাবেন।’ তিনি আরও জানান, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আরও অসংখ্য চরিত্রের সঙ্গে কাজ করার ইচ্ছা তার অফুরন্ত। ‘এই বিশ্বের অংশ হতে পেরে আমি ধন্য। ভবিষ্যতে আরও অনেক চরিত্রের সঙ্গে কাজ করতে চাই,’ যোগ করেন তিনি।
এবারের সিনেমায় নতুন মুখ হিসেবে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর তারকা স্যাডি সিঙ্ক যোগ দিয়েছেন একটি গোপনীয় ভূমিকায়। ইন্টারনেটে তার চরিত্র নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও তিনি কোনো কিছু প্রকাশ করেননি। শেষ সিনেমায় পিটার পার্কার নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছিলেন, তাই নতুন সিনেমায় তাকে মোকাবিলা করতে হবে তার ঘনিষ্ঠ বন্ধু ও বান্ধবী তাকে আর চেনে না- এমন বাস্তবতা। ‘ব্র্যান্ড নিউ ডে’-তে আরও অভিনয় করেছেন জ্যাকব বাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো। সিনেমাটির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন।
এখন পর্যন্ত আসা রিভিউ অধিকাংশই ইতিবাচক। দ্য ইন্ডিপেন্ডেন্টের ক্লারিস লফরি একে ‘২০ বছরের মধ্যে সেরা স্পাইডার-ম্যান সিনেমা’ বলে চার স্টার দিয়েছেন। টেলিগ্রাফের রবি কলিনও চার স্টার দিয়ে মন্তব্য করেছেন, ‘সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির হারানো চাপল্য ফিরিয়ে এনেছে।’ হলিউড রিপোর্টারের ডেভিড রুনি মনে করেন, ‘সিনেমাটি আত্ম-প্রতিফলন ও অ্যাকশনের মধ্যে ভারসাম্য রক্ষা করেছে।’ তবে দ্য গার্ডিয়ানের পিটার ব্র্যাডশ মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে তিন স্টার দিয়ে বলেছেন, জেনডায়াই সিনেমাটিকে ‘বাঁচিয়েছেন’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আগের সিনেমা ‘নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী ১.৯ বিলিয়ন ডলার আয় করেছিল। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বর্তমানে যুক্তরাজ্যের সিনেমা হলে মুক্তি পেয়েছে।




