ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আজ রোববার রাতে রাজধানী ঢাকায় বিশেষ স্ক্রিনিং ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে দুটি ভিন্ন ভেন্যুতে আলাদা কনসার্ট অনুষ্ঠিত হবে। একটি কনসার্টে অংশ নেবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব, অন্যটিতে সংগীতশিল্পী প্রীতম হাসান।

সঞ্জয় দেব সম্প্রতি কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সাথে মঞ্চ ভাগ করে নেন। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপের ফ্যান ফেস্টে গান পরিবেশন করেন তিনি। সেই যাত্রার অংশ হিসেবে এবার তিনি ঢাকার মঞ্চে আসছেন। ইতিমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন সঞ্জয়। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, 'বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আরও কয়েকটি স্থানে পরিবেশনা করার পর এখন ঢাকায় গান গাইতে আসছি। এখান থেকেই আমার পথচলা শুরু। এই কনসার্ট নিয়ে আমি অত্যন্ত উচ্ছ্বসিত।'

সঞ্জয় দেবের পাশাপাশি ঢাকার ওই আয়োজনে ডিজে তৃষা ও ডিজে রিশাদও পারফর্ম করবেন। জানা গেছে, অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রওনা হবেন। সেখানকার সানফ্রান্সিসকো শহরে তার আরেকটি কনসার্ট নির্ধারিত রয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে 'ফাইনাল কিকঅফ' শিরোনামে আরেকটি অনুষ্ঠান হচ্ছে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি পারফর্ম করবেন প্রীতম হাসান। তার সাথে মঞ্চে উপস্থিত থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট ও জেসিয়া ইসলাম। এই আয়োজন শুরু হবে ১৯ জুলাই রাত থেকে এবং চলবে ২০ জুলাই সকাল পর্যন্ত।