ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছেন লাতিন পপ তারকা শাকিরা। কয়েক দিন পরই মিসরের মাটিতে পা রাখতে চলেছেন তিনি। আগামী ২৮ নভেম্বর গিজার পিরামিড চত্বরে বসছে তাঁর বিশেষ কনসার্ট। এই ভেন্যুতে তাঁর সর্বশেষ পরিবেশনা ছিল ২০০৭ সালে—সেই হিসেবে ১৯ বছর পর আবারও প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই স্থানে দর্শকদের মুখোমুখি হবেন তিনি।

বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল এই আয়োজনের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো তারকাদের কনসার্টের আয়োজন করেছে। শাকিরা বলেন, ‘মিসরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ভালোবাসি।’

মিসরে আসার আগে মধ্যপ্রাচ্যের আরও দুটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেবেন এই গায়িকা। তাঁর ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ১৮ নভেম্বর কাতারের দোহায় পারফর্ম করবেন তিনি। তার পর ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘অফলিমিটস মিউজিক ফেস্ট ২০২৬’-এ মঞ্চে উঠবেন। সবশেষে ২৮ নভেম্বর গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’।

এদিকে চলতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশ করেছেন নতুন গান ‘ডাই ডাই’। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতেও দেখা যাচ্ছে তাঁকে। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি এই সময়ের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। আরব নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এসব তথ্য।