বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ফেনীগ্রাম ফুলতলা এলাকায় অবস্থিত একটি রাইস মিলে রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার মোহাম্মদ আলী (৭০)। তিনি ওই রাইস মিলের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের খাবার শেষে মোহাম্মদ আলী মিল ঘরেই ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় অজ্ঞাত একদল দুর্বৃত্ত মিলে প্রবেশ করে। তারা মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ শক্ত করে বেঁধে ফেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তাকে হত্যা করে। ঘটনার সময় মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সোমবার সকালে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মো. শাহীনুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে আসা দুর্বৃত্তরা মিলের মালিককে চিনে ফেলায় বা বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কতজন জড়িত ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।