ছুটির দিনে রাজধানী ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তিনটি বড় কনসার্টের আয়োজন করা হয়েছে। সেগুলো সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সেখানে পরিবেশনা করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক শিল্পী হিসেবে মঞ্চে আসবেন আসিফ আকবর, র্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ। একটি ভিডিও বার্তায় শিরোনামহীন জানিয়েছে, ‘চব্বিশের গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউতে আমরা আসছি। আপনারা চলে আসুন। আমরা একসঙ্গে গাইব আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান।’ সামাজিক মাধ্যমে আসিফ আকবর লিখেছেন, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, ৫ আগস্ট আসিফ আকবরের গানে মেতে উঠতে।’ আয়োজকদের মতে, জুলাই আন্দোলনে জন্ম নেওয়া মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে গানের মাধ্যমে উদযাপন করাই এই আয়োজনের লক্ষ্য।

এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ শীর্ষক আরেকটি কনসার্টে গাইবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খোলা থাকবে বেলা ১টা থেকে। বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘৫ আগস্টের গুরুত্ব আমরা সবাই জানি। সেই উদ্দেশ্যেই “কনসার্ট ফর ডেমোক্রেসি” আয়োজন করা হয়েছে। দিনটিকে আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি, এটাই উদ্দেশ্য। জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সংগীতের মাধ্যমেই দিনটিকে উদযাপন করব।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে জীবন্ত রাখতেই এই কনসার্টের আয়োজন। তিনি বলেন, অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুত রয়েছেন।

এছাড়াও গতকাল মঙ্গলবার বিকেলে রবীন্দ্র সরোবরে ‘সাউন্ড অব জুলাই’ শীর্ষক আরেকটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সেখানে র্যাপ, গান ও কবিতার পরিবেশনা ছিল। বিডিজবসের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স। বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংগীত দিয়ে শুরু হয়ে প্রদর্শন করা হয় জুলাই আন্দোলনভিত্তিক তথ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’। পরে ব্যান্ড মেটালিক এরর সংগীত পরিবেশন করে। এরপর বিইউএফটি কালচারাল ক্লাব ‘৩৬ জুলাই’ নাটক মঞ্চস্থ করে। কাজী আহনাফ তাহমিদ, হান্নান, সেজানসহ বেশ কয়েকজন র্যাপার গান পরিবেশন করেন। আয়োজকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং র্যাপ, গান, কবিতা ও নাটকের মাধ্যমে সেই সময়ের চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজন।