দীর্ঘ দুই বছর ধরে একটি সম্পর্কে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের সেই কঠিন অধ্যায় থেকে বেরিয়ে আসার পরই তিনি প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন। এর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি জীবনের ওই সময়টির ইঙ্গিত দিয়েছিলেন, যা অনেকেই আবেগপ্রবণ একটি পোস্ট হিসেবে দেখেছিলেন। তবে অনুপমা স্পষ্ট করেছেন, ওই পোস্টটি হঠাৎ কোনো আবেগের বশে দেওয়া হয়নি; বরং দীর্ঘদিনের যন্ত্রণা, আত্মঅনুসন্ধান এবং সেরে ওঠার চেষ্টার পরই তিনি তা শেয়ার করেছেন।

‘আই অ্যাম উইথ ধন্য ভার্মা’ অনুষ্ঠানে এসে নিজের জীবনের ওই অধ্যায় নিয়ে বিস্তারিত কথা বলেন অভিনেত্রী। কার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তা তিনি প্রকাশ করেননি। তবে তিনি জানান, সেই সম্পর্কে থাকাকালীন তিনি নিজেকে ক্রমাগত হারিয়ে ফেলছিলেন। তাঁর ভাষ্যমতে, ‘ওই একটি পোস্টের পেছনে আছে দুই বছরের যন্ত্রণা, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ার অভিজ্ঞতা।’ নিজের এই অভিজ্ঞতাকে তিনি সরাসরি ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে চিহ্নিত করেছেন।

অনুপমা জানান, অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখার পর তাঁর শরীর কাঁপতে শুরু করে। কারণ, সেই রিলে বর্ণিত অভিজ্ঞতা তাঁর নিজের জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। তিনি আরও বলেন, এই ধরনের নির্যাতন নিয়ে মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হয়। কেউ নিজে এর শিকার হয়েছেন, আবার কেউ পরিবারের সদস্য বা বন্ধুর মাধ্যমে এ সম্পর্কে জানতে পেরেছেন। অনেকেই আছেন যারা শুধু শব্দটি শুনেছেন কিন্তু বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না। আবার কিছু মানুষ আছেন, যারা এটিকে নারী-পুরুষের দ্বন্দ্ব হিসেবে দেখে অনুমানের ভিত্তিতে নেতিবাচক মন্তব্য করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই শ্রেণিটি, যারা নিজেরাই এমন সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু এখনো বুঝতে পারেননি যে তাঁরা নির্যাতনের শিকার। অনুপমার ভাষ্যে, ‘যাঁরা এর মধ্যে থেকেছেন, কিন্তু এখনো সেটা শনাক্ত করতে পারেননি, তাঁদের সঙ্গেই আমি কথা বলতে চাই। এই শ্রেণিই সবচেয়ে বিপজ্জনক।’

ওই সময়ের প্রভাব সম্পর্কে অনুপমা খোলামেলা বলেছেন যে, উল্লেখযোগ্য পরিমাণে তাঁর ওজন কমে গিয়েছিল। নিজেকে তখন আর বিকশিত হতে থাকা মানুষ হিসেবে মনে হতো না; বরং ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছিলেন বলে মনে হতো। ‘আমি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছিলাম’—এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।

অনুপমার এই প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। যদিও অনুপমা কোথাও ধ্রুবর নাম উল্লেখ করেননি এবং তাঁদের সম্পর্কের বিষয়টি কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেননি। ২০২৫ সালের শুরুতে ‘বাইসন কালামাডান’ ছবিতে কাজ করার সময় থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেন অনেকে; তবে ছবিটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

এরপর তাঁদের ভক্তরা একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নিয়েও আলোচনা শুরু করেন। প্লেলিস্টের প্রোফাইল ছবিতে কথিত ওই ছবি ব্যবহার করা হয়েছিল বলেও দাবি করেন কেউ কেউ। বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে তাঁদের আচরণেও গুঞ্জন আরও জোরালো হয়। চেন্নাইয়ের একটি পুরস্কার অনুষ্ঠানে জন্মদিনে ধ্রুব মঞ্চে অনুপমাকে শুভেচ্ছা জানালে তাঁকে লাজুক দেখা যায়। সেই সময় অনুপমা ধ্রুবকে তাঁর ‘২ এএম কল’ বলে উল্লেখ করেছিলেন, অর্থাৎ রাত গভীর হলেও যাঁকে ফোন করা যায় এমন ঘনিষ্ঠ একজন মানুষ। মুম্বাইয়ের আরেকটি পুরস্কার অনুষ্ঠানে ধ্রুব অনুপমার সঙ্গে একটি ঘনিষ্ঠ সেলফি প্রকাশ করেন এবং অনুপমা সেটি হৃদয়ের ইমোজি দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তবে এরপর তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যায়নি বা একে অপরকে নিয়ে কথা বলতেও দেখা যায়নি। ফলে তাঁরা সম্পর্কটি আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আলাদা হয়ে গেছেন—তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।